প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩ ১৩:১৫ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩ ১৩:৪৫ পিএম
‘পাঠান’ সিনেমার দৃশ্যে শাহরুখ খান
ভারতের সিনেমাকর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) শুক্রবার (৬ জানুয়ারি) ‘বয়কট বলিউড’ প্রচারের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করেছে।
তারা ওই প্রচার বন্ধে সরকারের সাহায্য কামনা করেছে। সংগঠনটি ওই প্রচারকে ‘সিনেমাবিরোধী মনোভাব’ বলে আখ্যায়িত করেছে। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বিতর্কে এবং প্রতিবাদের মুখোমুখি হওয়ার পর তারা এ বিবৃতি প্রকাশ করল।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘বয়কট বলিউড’ প্রচারের কারণে চলচ্চিত্রের লাখ লাখ কর্মী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সংগঠনটি জানায়, একটি সিনেমা অনেক আবেগ এবং স্বপ্ন নিয়ে নির্মিত হয়। এ স্বপ্নগুলো এমন প্রচারে নষ্ট হয়ে যায়। যারা শান্তি-সম্প্রীতি এবং ঐক্যকে সমর্থন করে না তারাই এমন প্রচার চালায়। কিছু মানুষ সিনেমা হলে ঢুকে জনসাধারণকে ভয় দেখিয়ে জোর করে প্রেক্ষাগৃহ খালি করে দিচ্ছে। প্রযোজক এবং প্রধান অভিনেতা-অভিনেত্রীদের হুমকি দেওয়া হয়েছে। অভিনেতা-অভিনেত্রীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নোংরা ভাষায় মন্তব্য করা হচ্ছে।
যদি কারও কোনো সিনেমার বিরুদ্ধে কোনো ধরনের আপত্তি থাকে, তাহলে সরাসরি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে এফডব্লিউআইসিই।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, যখন কোনো সিনেমা চূড়ান্তভাবে সিবিএফসি অনুমোদন দেয়, তখন পরিচালক প্রযোজক হলে সিনেমাটি মুক্তি দিতে পারেন। একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজটি সম্পন্ন হয়। তাই সিনেমার সমালোচনাকারীদের প্রতিবাদ করার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করা উচিত এবং এমন ধ্বংসাত্মক প্রতিবাদ এড়ানো উচিত।
কয়েক বছর ধরে বলিউডে সিনেমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বয়কটের প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে পাঠান সিনেমা নিয়ে বিতর্ক শুরু হয়।