প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:০০ পিএম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়, নাচ ও গান দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শককে। পর্দায় তার উপস্থিতি যেমন দর্শকের কাছে বিশেষ, তেমনি ব্যক্তিজীবনেও নিজের মতো করে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও শিল্প ও সংস্কৃতির সঙ্গে তার যোগাযোগ রয়েছে নিয়মিতই। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি এবার নতুন একটি গল্প নিয়ে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মৌসুমী। সিনেমাটির নাম ‘এ বিউটিফুল লাই’।
কিছুদিনের মধ্যেই নতুন একটি টেলিফিল্ম কিংবা সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি। ‘এ বিউটিফুল লাই’-এর গল্প রচনা ও নির্দেশনা দেবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এর আগেও নেয়ামুলের নির্দেশনায় কাজ করেছিলেন মৌসুমী। এবারও যুক্তরাষ্ট্রে তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী।
নতুন এই সিনেমা সম্পর্কে মৌসুমী বলেন, এরই মধ্যে ‘এ বিউটিফুল লাই’-এর কাজ হয়তো শুরু হয়ে যেত। কিন্তু ফোবানাসহ আরও অন্যান্য বিষয়ে সবারই এর মধ্যে ব্যস্ততা আছে। যে কারণে আমরা কিছুদিন পর কাজ শুরু করতে যাচ্ছি। এরই মধ্যে নেয়ামুলের সঙ্গে গল্প নিয়ে বসেছি। গল্পটাকে আরও একটু ডেভেলপ করে তারপর শুটিংয়ে যেতে চাই আমরা।
সিনেমার গল্প প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এ বিউটিফুল লাই’ মূলত একটা রোড ট্রিপের থ্রিলারধর্মী গল্পÑ যা কিছু ঘটছে, একটা পুরো মিথ্যার ওপর। কিন্তু তারপরও ভালো লাগছে সেই মুহূর্তটাকে। যে কারণে গল্পটার নাম দেওয়া হয়েছে ‘এ বিউটিফুল লাই’। কিন্তু এটা আসলে টেলিফিল্ম হবে নাকি সিনেমা হবে, সেটা এখনও চূড়ান্ত নয়। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তবে আশা করছি, একটা উপভোগ্য গল্প পাবেন দর্শক। আর নেয়ামুল তো ভালো কাজ করে। নির্মাণে যত্ন নেয়। তার জন্যও শুভকামনা রইল।