× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক মঞ্চে বাঁধন-সুনেরাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯ পিএম

আন্তর্জাতিক মঞ্চে বাঁধন-সুনেরাহ

বাংলাদেশের চলচ্চিত্রে নিজেদের অভিনয়গুণে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। এবার এই দুই অভিনেত্রীর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের বিশেষ এক অধ্যায়। রুবাইয়াত হোসেন পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ অভিনয় করেছেন তারা দুজনই। সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে। ফলে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে এই বিভাগে জায়গা করে নেওয়া সিনেমাটির সঙ্গে যুক্ত হয়ে বাঁধন ও সুনেরাহও হতে যাচ্ছেন দেশের চলচ্চিত্রের এক ঐতিহাসিক যাত্রার অংশ।

গতকাল শনিবার উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে প্রথমবারের মতো প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির লিডো দি ভেনেজিয়ায় ২ সেপ্টেম্বর শুরু হয়েছে এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। নতুন চলচ্চিত্রের ভাষা, উদীয়মান ধারা ও নির্মাণের উদ্ভাবনী পদ্ধতিকে গুরুত্ব দেওয়া এই বিভাগে এবার নির্বাচিত হয়েছে ১৯টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্যেই জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমাটি। ৮৮ মিনিটের এই সিনেমাটি উৎসবে মোট আটবার প্রদর্শিত হবে। 

ঢাকার একটি ঐতিহ্যবাহী বিউটি পারলারকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প। বিয়ের আগে পরিবারের নানা সাজসজ্জা ও পরিবর্তনের প্রত্যাশাকে ঘিরে এক হবু কনের জীবনে তৈরি হওয়া টানাপড়েনই উঠে এসেছে এতে। নারীর শরীর, সামাজিক প্রত্যাশা এবং নিজের অস্তিত্ব নিয়ে সংগ্রামের গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমাটি।

বাঁধন ও সুনেরাহর পাশাপাশি এতে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম, রিকিতা নন্দিনী শিমু, দামের খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা রুবাইয়াত হোসেন।

আন্তর্জাতিক বিভিন্ন তহবিল ও প্রতিষ্ঠানের সহায়তায় নির্মিত সিনেমাটির আরেকটি বিশেষ দিক হলো এর নারীপ্রধান নির্মাণ দল। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সিনেমার এই যাত্রার মধ্য দিয়ে আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামালের অভিনয় ক্যারিয়ারেও যুক্ত হচ্ছে নতুন এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অধ্যায়।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা