মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স থেকে
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৪ পিএম
ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় গানের বিশেষ কনসার্ট ‘আনফর্গেটেবল নাইন্টিস’। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বলিউডের নব্বইয়ের দশকের জনপ্রিয় গানের বিশেষ কনসার্ট ‘আনফর্গেটেবল নাইন্টিস’।
আরেনা গ্রান্ড প্যারিসে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে মঞ্চ মাতান জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু ও অনুরাধা পৌডওয়াল।
ভেন্যুটির সরকারি তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি ছিল আসনভিত্তিক এবং বিভিন্ন শ্রেণির টিকিটের ব্যবস্থা ছিল। অফিসিয়াল টিকিট তথ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের মূল্য ৫২ ইউরো থেকে ১২৪ ইউরো পর্যন্ত ছিল।
নব্বইয়ের দশকের অসংখ্য জনপ্রিয় হিন্দি-বাংলা গানের শিল্পী কুমার শানু ও অনুরাধা পাড়োয়ালের গান শুনতে প্যারিস ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক সমবেত হন। বিশেষ করে ফ্রান্সে বসবাসরত দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলে। প্রবাসী বাঙালিরাও উল্লেখযোগ্য সংখ্যায় কনসার্টে অংশ নেন।
অনুষ্ঠানের থিম “ভোলার নয় নব্বইয়ের দশকের সুর” নামের মধ্যেই ছিল সেই সময়ের প্রতি শ্রদ্ধা ও নস্টালজিয়ার প্রকাশ। আয়োজকদের বর্ণনা অনুযায়ী, কনসার্টটির উদ্দেশ্য ছিল বলিউডের নব্বইয়ের দশকের স্মরণীয় গানগুলোকে লাইভ পরিবেশনার মাধ্যমে নতুন করে উপস্থাপন করা এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের সেই সোনালি সংগীতের আবহে ফিরিয়ে নেওয়া।
‘মেলোডি কিং’ হিসেবে পরিচিত কুমার শানু এবং ‘মেলোডি কুইন’ অনুরাধা পাড়োয়াল নব্বইয়ের দশকের বলিউড সংগীতের অন্যতম জনপ্রিয় দুই কণ্ঠ। তাদের বহুল শ্রুত ও জনপ্রিয় গানগুলো দর্শকদের ফিরিয়ে নেয় সেই নস্টালজিক সময়ে। লাইভ ব্যান্ডের পরিবেশনায় একের পর এক জনপ্রিয় গান পরিবেশিত হলে পুরো ভেন্যুতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
প্রবাসী বাঙালিদের জন্যও অনুষ্ঠানটি ছিল বিশেষ আকর্ষণের। প্যারিসের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে কনসার্টে অংশ নেন। দীর্ঘদিন পর সরাসরি মঞ্চে প্রিয় শিল্পীদের গান শোনার সুযোগ পেয়ে অনেকেই স্মৃতিচারণ করেন নব্বইয়ের দশকের সেই গান-নির্ভর সময়ের।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নব্বইয়ের দশকের বলিউডের সোনালি সময়ের সংগীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীদের সাংস্কৃতিকভাবে একত্রিত করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্যারিসের কনসার্টের পর একই ‘আনফর্গেটেবল নাইন্টিস’ আয়োজন নিয়ে ৬ সেপ্টেম্বর আমস্টারডামেও মঞ্চে ওঠার কথা কুমার শানু ও অনুরাধা পৌডওয়ালের।
নব্বইয়ের দশকের প্রেম, বিরহ ও আবেগঘন গানকে কেন্দ্র করে আয়োজিত এই সন্ধ্যা তাই শুধু একটি সংগীতানুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি; প্রবাসী দর্শকদের জন্য এটি হয়ে ওঠে পুরোনো দিনের স্মৃতি ও আবেগ ফিরে পাওয়ার এক বিশেষ উপলক্ষ।