× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ মাসের সিনেমা-সিরিজ

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৮ এএম

এ মাসের সিনেমা-সিরিজ

সেপ্টেম্বর মানেই শুধু ঋতুর পালাবদল নয়, বিনোদনের পর্দায়ও নতুন গল্পের আগমন ঘটেছে। কখনও নব্বইয়ের দশকের প্রেম আর স্মৃতিমাখা নস্টালজিয়া, কখনও রহস্য-রোমাঞ্চের গোলকধাঁধা; কোথাও সন্তানের জন্য এক মায়ের মরিয়া লড়াই, আবার কোথাও প্রকৃতির বৈরিতার সঙ্গে মানুষের বেঁচে ফেরার সংগ্রাম। বড়পর্দা থেকে ওটিটিÑ দেশি ও বিদেশি নানা স্বাদের সিনেমা ও সিরিজে জমজমাট হতে যাচ্ছে পুরো সেপ্টেম্বর। দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে এমন ১০টি আলোচিত সিনেমা ও সিরিজ নিয়ে আমাদের আজকের আয়োজন।

‘লাভ ৯৬’Ñ সালমান শাহের স্মৃতিতে নব্বইয়ের প্রেম

গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইভান মল্লিক পরিচালিত সিনেমা ‘লাভ ৯৬’। নব্বইয়ের দশকের আবহে নির্মিত প্রেম ও অ্যাকশনধর্মী সিনেমাটিতে অভিনয় করেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এটি তাদের প্রথম সিনেমা। সালমান শাহকে ঘিরে দর্শকের আবেগ ও সেই সময়ের নস্টালজিয়াকে পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা করেছেন নির্মাতা।

‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’

১৯৯৮ সালের কাল্ট ক্ল্যাসিক ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর সিক্যুয়েল আসছে ১১ সেপ্টেম্বর। আবারও প্রধান চরিত্রে ফিরছেন নিকোল কিডম্যান ও স্যান্ড্রা বুলক। অ্যালিস হফম্যানের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে নতুন প্রজন্মের সামনে হাজির হবে পরিবারের বহু পুরনো এক অভিশাপ। পরিচালনায় সুজান বিয়ার।

‘হার্ট অব দ্য বিস্ট’

২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে ডেভিড আয়ার পরিচালিত সারভাইভাল অ্যাডভেঞ্চার ‘হার্ট অব দ্য বিস্ট’। বিমান দুর্ঘটনার পর দুর্গম আলাস্কার জঙ্গলে আটকে পড়া আহত এক স্পেশাল ফোর্সেস সদস্যের চরিত্রে দেখা যাবে ব্র্যাড পিটকে। তার সঙ্গী বিশ্বস্ত সামরিক কুকুর ওডিন। মানুষ, প্রকৃতি ও এক বিশ্বস্ত প্রাণীর সঙ্গে মানুষের বন্ধনÑ সব মিলিয়ে ছবিটি হতে পারে মাসের অন্যতম আকর্ষণ।

‘গান্ধারী’Ñ মেয়েকে বাঁচাতে অন্ধ মায়ের যুদ্ধ

নেটফ্লিক্সে আসছে তাপসী পান্নু অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘গান্ধারী’। ছবিতে বাণী নামে এক মায়ের ছোট মেয়েকে অপহরণ করা হয়। ঘটনার মধ্যে ভয়াবহ হামলায় তিনি হারান দৃষ্টিশক্তিও। কিন্তু অন্ধত্ব কিংবা ভয়Ñ কোনোটিই তাকে মেয়েকে খুঁজে পাওয়ার লড়াই থেকে থামাতে পারে না। পরিচালনা করেছেন দেবাশিস মাখিজা।

‘দ্য জেন্টেলমেন ২’

প্রথম মৌসুমে অনিচ্ছায় অপরাধজগতে জড়িয়ে পড়েছিলেন এডি হর্নিম্যান। এবার ক্ষমতার স্বাদ পাওয়ার পর তার উচ্চাকাঙ্ক্ষা আরও বেড়েছে। গত ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। ফিরছেন থিও জেমস ও কায়া স্কোডেলারিও। ব্রিটিশ অভিজাত সমাজ, গ্যাংস্টারদের ক্ষমতার লড়াই ও গাই রিচির স্বভাবসুলভ রসবোধ আবারও থাকছে সিরিজটির বড় আকর্ষণ।

‘দ্য গার্লফ্রেন্ড’

আগামী ১০ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে মনস্তাত্ত্বিক থ্রিলার সিরিজ ‘দ্য গার্লফ্রেন্ড’। ধনী ও সফল লরার সাজানো জীবনে ঝড় তোলে ছেলের হবু স্ত্রী চেরির আগমন। কিন্তু লরার সন্দেহ কি সত্যিই অমূলক, নাকি অতিরিক্ত মাতৃত্ববোধই তাকে ভয়ংকর করে তুলছে? সিরিজে অভিনয় করেছেন রবিন রাইট, লরি ডেভিডসন ও অলিভিয়া কুক।

‘স্লো হর্সেস ৬’

১৬ সেপ্টেম্বর অ্যাপল টিভি প্লাসে ফিরছে জনপ্রিয় গুপ্তচর সিরিজ ‘স্লো হর্সেস’-এর ষষ্ঠ মৌসুম। এমআই৫-এর মূল দপ্তর থেকে দূরে সরিয়ে রাখা তথাকথিত ব্যর্থ গুপ্তচরদের এবার আরও ব্যক্তিগত এক লড়াইয়ের মুখোমুখি হতে হবে। ছয় পর্বের নতুন মৌসুমে প্রধান চরিত্রে থাকছেন গ্যারি ওল্ডম্যান।

‘নেগলি’Ñ রিচারের ছায়া থেকে নিজের গল্পে

‘রিচার’ বিশ্বের জনপ্রিয় চরিত্র ফ্রান্সেস নেগলিকে এবার দেখা যাবে নিজের গল্পের কেন্দ্রে। ১৬ সেপ্টেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে আট পর্বের স্পিন-অফ সিরিজ ‘নেগলি’। দক্ষ তদন্তকারী ও রিচারের সাবেক সামরিক সহকর্মী নেগলির চরিত্রে অভিনয় করেছেন মারিয়া স্টেন। অতিথি চরিত্রে দেখা মিলবে অ্যালান রিচসনেরও।

‘ব্যাকরুমস’Ñ হলুদ গোলকধাঁধার ভয়

ইন্টারনেটের জনপ্রিয় ‘লিমিনাল স্পেস’ ধারণা থেকে নির্মিত হরর সিনেমা ‘ব্যাকরুমস’ ২৫ সেপ্টেম্বর আসছে এইচবিও ম্যাক্সে। রহস্যময় এক দরজার ওপারে বাস্তবতার বাইরের অসীম কক্ষের গোলকধাঁধায় আটকে পড়ে মানুষ। যেখানে সময়ের নিয়মও কাজ করে না, আর অজানা কোনো সত্তা যেন সব সময় অনুসরণ করে চলেছে। পরিচালনায় কেন পারসনস।

‘মিশন ডিডিএলজে’

দেশি ওটিটির তালিকায় রয়েছে আসিফ জাহাঙ্গীর পরিচালিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। ‘ধ্রুব দিয়াস লাভ জার্নি’ নামের রোমান্টিক কমেডিটি নব্বইয়ের দশকের প্রেমের আবহকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরবে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য চৌধুরী। প্রায় ৮০ মিনিটের সিনেমাটি মুক্তি পাবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা