× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যে ঘেরা ‘আন্ধার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪২ এএম

রহস্যে ঘেরা ‘আন্ধার’

বাংলা সিনেমায় ভয় মানেই অন্ধকার ঘর, হঠাৎ ভেসে ওঠা কোনো ছায়া কিংবা চেনা গল্পের পরিচিত আতঙ্কÑ এমন ধারণা ভাঙার চেষ্টা যেন রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। সম্প্রতি পোস্টার প্রকাশের পর চরিত্রগুলোর লুক নিয়ে যে কৌতূহল তৈরি হয়েছিল, টিজার প্রকাশের পর তা আরও ঘনীভূত হয়েছে। মৃত্যু, কালোজাদু, অশুভ শক্তি আর একের পর এক রহস্যময় ঘটনার ইঙ্গিত নিয়ে তিন সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির টিজার।

১ মিনিট ২৬ সেকেন্ডের টিজারে গল্পের জট খুলে দেওয়ার চেয়ে রহস্যকে আঁকড়ে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছেন নির্মাতা। আয়নার সামনে এক নারীর উপস্থিতি, তার দিকে এগিয়ে আসা অচেনা হাত, বাথটাবে প্রাণহীন দেহ কিংবা অন্ধকার জঙ্গলে রহস্যময় অবয়বÑ প্রতিটি দৃশ্য যেন দর্শকের সামনে নতুন প্রশ্ন ছুড়ে দেয়। কালোজাদুর বিভিন্ন আচার এবং গা ছমছমে আবহসংগীত পুরো টিজারজুড়ে তৈরি করেছে অস্বস্তিকর এক পরিবেশ।

সিয়াম আহমেদকে কখনও দেখা যায় লাশের সামনে, কখনও অ্যাকশন দৃশ্যে। তবে তার চরিত্রের অবস্থান নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি টিজার। শেষ মুহূর্তে তার জ্বলজ্বলে নীল চোখের চাহনি রহস্যকে আরও ঘন করেছে। অন্যদিকে নাজিফা তুষির চরিত্রকে ঘিরেও রয়েছে অশুভ শক্তির ইঙ্গিত। চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েতের অল্প উপস্থিতিও গল্পের রহস্য বাড়িয়েছে মাত্র।

ঢালিউডে হরর ঘরানার সিনেমায় এমন বড় পরিসরের প্রযোজনা, ভিএফএক্স, সাউন্ড ডিজাইন ও ভিজ্যুয়াল নির্মাণ খুব বেশি দেখা যায় না। টিজার দেখে অন্তত মনে হচ্ছে, ‘আন্ধার’-এ সেই জায়গায় নতুন কিছু করার চেষ্টা করেছেন রায়হান রাফী। কারিগরি নির্মাণের পাশাপাশি চরিত্রগুলোর রহস্যও এখনও আড়ালেই রেখেছে সিনেমাটির টিম।

শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, তানজিকা আমিনসহ অনেকে।

টিজার আপাতত একটি কথাই মনে করিয়ে দিচ্ছেÑ ‘আন্ধার’-এর সবচেয়ে বড় শক্তি হয়তো তার গল্প নয়, বরং গল্পকে ঘিরে তৈরি করে রাখা রহস্য। বড় বাজেটের এই সিনেমাটি ঈদের মৌসুমের বাইরে আগামী অক্টোবরের দুর্গাপূজায় বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা