প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০ পিএম
সাবেরী আলম ও এবি রোকন। ছবি : এবি রোকনের সৌজন্যে
বাংলাদেশের অভিনয় অঙ্গনের দর্শকপ্রিয় গুণী অভিনেত্রী সাবেরী আলম। বিশেষত মা চরিত্রে তার অনবদ্য অভিনয় বারবার দর্শকের ভালোবাসা কুড়িয়েছে। জিয়াউল ফারুক অপূর্ব থেকে শুরু করে বিভিন্ন প্রজন্মের অনেক অভিনেতা-অভিনেত্রীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সেই ধারাবাহিকতায় এবার নাটকের দর্শকপ্রিয় অভিনেতা এবি রোকনের মায়ের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন সাবেরী আলম। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের ধারাবাহিক নাটক মহিন খান রচিত ও পরিচালিত ‘পারিবারিক নির্বাচন’-এ মা ও ছেলের ভূমিকায় দেখা গেছে সাবেরী আলম ও এবি রোকনকে।
সাবেরী আলম বলেন, ‘রোকনের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় দীর্ঘদিনের। রাজের সহকারী হিসেবে তাকে বেশকিছু নাটকে পেয়েছি। আগে থেকেই পরিচয় থাকায় তার সঙ্গে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আমার ছেলের চরিত্রে সে যথেষ্ট আন্তরিকতা নিয়ে অভিনয় করেছে। মহিন খানও এই প্রজন্মের একজন গুণী পরিচালক। তার গল্পে সমাজের জন্য কোনো না কোনো বার্তা থাকে। সে সত্যিই অনেক ভালো করছে।’
এবি রোকন বলেন, ‘আমার অভিনয়ে আসা গুরু মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ন্যাচারাল অ্যাক্টিং দেখেই। পরে তার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি। টুকটাক অভিনয় করতে করতেই এখন নিয়মিত অভিনয় করছি। সাবেরী আপার সঙ্গে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। তিনি এ দেশের একজন ভীষণ গুণী, ইতিবাচক ও সহযোগিতাপরায়ণ শিল্পী। তার সঙ্গে অভিনয় করে আমি বেশ সাড়া পাচ্ছি।’
আরিফ এ আহনাফের পরিচালনায় ‘আর্টিস্ট’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক রোকনের। এরপর রাজের পরিচালনায় ‘অফ স্ক্রিন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘হিট’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘অচেনা হৃদয়’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর তাকে ‘তারকাঁটা’, ‘যদি একদিন’ ও ‘সম্রাট’-এ দেখা গেছে।
এদিকে আগামী সপ্তাহে জাকারিয়া সৌখিনের একটি নাটকে অভিনয় করবেন সাবেরী আলম।