× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভ জন্মদিন

রুপালি পর্দার মহানায়ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৭ পিএম

বুলবুল আহমেদ

বুলবুল আহমেদ

একসময় তাঁর প্রতিদিনের সকাল শুরু হতো ব্যাংকের হিসাব-নিকাশ আর অফিসের দায়িত্ব নিয়ে। টানা ১০ বছর ব্যাংক ম্যানেজার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্বও পালন করেছেন। কিন্তু মনের ভেতরে ছিল অন্য এক টান—অভিনয়ের প্রতি দুর্নিবার ভালোবাসা। সেই টানেই একসময় নিশ্চিত চাকরির গণ্ডি পেরিয়ে রুপালি পর্দার অনিশ্চিত জগতে পা রাখেন তিনি। এরপর নিজের অভিনয়গুণে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, দর্শকের ভালোবাসায় পরিচিতি পান ঢালিউডের ‘মহানায়ক’ হিসেবে। তিনি বুলবুল আহমেদ।

আজ এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ১৯৩৯ সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহাসিক আগামসি লেনে জন্মগ্রহণ করেন তিনি। বাবা খলিল আহমেদ ও মায়ের অষ্টম সন্তান ছিলেন তাবাররুক আহমেদ। পরিবারের সদস্যদের ভালোবাসায় ছোটবেলা থেকেই তিনি পরিচিত ছিলেন ‘বুলবুল’ নামে। সময়ের সঙ্গে সেই বুলবুলই হয়ে ওঠেন বাংলা সিনেমার দর্শকপ্রিয় নায়ক বুলবুল আহমেদ।

অভিনয়ের সঙ্গে তাঁর পরিচয় অবশ্য ছোটবেলা থেকেই। তাঁর বাবা খলিল আহমেদ তৎকালীন পাকিস্তানের অর্থ বিভাগের ডেপুটি সেক্রেটারি হওয়ার পাশাপাশি ছিলেন নাট্যকার ও অভিনেতা। পুরান ঢাকার তাঁদের বাড়িতেই নিয়মিত বসত নাটকের মহড়া। কাজী খালেক, নারায়ণ চক্রবর্তী, আয়েশা আক্তার, রানী সরকার ও মোহাম্মদ আনিসের মতো গুণী শিল্পীদের কাছ থেকে খুব কাছেই অভিনয়ের জগৎকে দেখার সুযোগ পেয়েছিলেন কিশোর বুলবুল।

ঢাকার কলেজিয়েট স্কুল ও নটর ডেম কলেজে পড়াশোনার পর কিছুদিন সিলেটের এমসি কলেজে অধ্যয়ন করেন তিনি। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চিরকুমার সভা’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পড়াশোনা শেষে তৎকালীন ইউবিএল ব্যাংকের টিএসসি শাখায় যোগ দেন তিনি। দীর্ঘ ১০ বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করলেও অভিনয়ের টান ছাড়তে পারেননি। ব্যাংকে কর্মরত অবস্থাতেই ১৯৬৪ সালে আবদুল্লাহ আল মামুনের ‘বরফ গলা নদী’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর মঞ্চ, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র, আবৃত্তি ও উপস্থাপনায় নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দেন।

১৯৭২ সালে পরিচালক আবদুল্লাহ ইউসুফ ইমামের অনুপ্রেরণায় ব্যাংকের চাকরি ছেড়ে পুরোপুরি চলচ্চিত্রে মন দেন বুলবুল আহমেদ। ‘ইয়ে করে বিয়ে’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর একের পর এক ‘অঙ্গীকার’, ‘ধীরে বহে মেঘনা’, ‘রূপালী সৈকতে’, ‘সীমানা পেরিয়ে’, ‘সূর্যকন্যা’ ও ‘জন্ম থেকে জ্বলছি’র মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন।

তবে তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ১৯৮৭ সালের ‘দেবদাস’। চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর চরিত্র দেবদাসে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নেন।

শুধু অভিনেতা হিসেবেই নয়, নির্মাতা হিসেবেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন বুলবুল আহমেদ। তাঁর পরিচালিত ও প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘ওয়াদা’, ‘মহানায়ক’, ‘ভালো মানুষ’, ‘রাজলক্ষ্মী-শ্রীকান্ত’, ‘আকর্ষণ’, ‘গরম হাওয়া’ ও ‘কত যে আপন’।

চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ৩০০ টেলিভিশন নাটক ও দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাচসাস পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য সম্মাননা।

আজ তিনি নেই, কিন্তু রুপালি পর্দায় তাঁর সৃষ্টি করা চরিত্রগুলো এখনো বেঁচে আছে দর্শকের স্মৃতিতে। ব্যাংকের চাকরি ছেড়ে অভিনয়ের যে স্বপ্নের পথে একদিন যাত্রা শুরু করেছিলেন বুলবুল আহমেদ, সেই পথই তাঁকে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এনে দিয়েছে এক অনন্য পরিচয়—‘মহানায়ক’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা