শরিফুল রাজ ও সাবিলা নূর
এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, অন্যদিকে বড়পর্দার আলোচিত অভিনেতা শরিফুল রাজ। দুজনের অভিনয়ের পথচলা ভিন্ন হলেও দর্শকের সামনে একসঙ্গে হাজির হয়ে ইতোমধ্যেই তৈরি করেছেন আলাদা আগ্রহ। ‘বনলতা এক্সপ্রেস’-এ প্রথমবার জুটি বেঁধেছিলেন তারা। এবার সেই জুটিকেই আবারও দেখা যাবে নতুন এক গল্পেÑ তবে এবার গল্পের ভুবনটা আরও রহস্যময়, আরও অচেনা।
তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে সায়েন্স ফিকশন ও টাইম ট্রাভেল ঘরানার সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’। সিনেমাটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের। আর নতুন এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন শরিফুল রাজ ও সাবিলা নূর।

ছোটপর্দা পেরিয়ে বড়পর্দায় সাবিলা
টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পরিচিতি পাওয়া সাবিলা নূর দীর্ঘদিন ধরেই নিজের অভিনয়জীবনে বৈচিত্র্য ধরে রাখার চেষ্টা করছেন। রোমান্টিক, পারিবারিক কিংবা গল্পনির্ভর নানা নাটকে অভিনয়ের পর বড়পর্দাতেও নিজেকে তুলে ধরেছেন ভিন্নভাবে। ফলে শুধু ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হিসেবেই নয়, ধীরে ধীরে চলচ্চিত্রের দর্শকদের কাছেও নিজের জায়গা করে নিচ্ছেন তিনি।
সাম্প্রতিক সময়ের কাজগুলোতে চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও সাবিলাকে বেশ সচেতন দেখা গেছে। গল্প ও চরিত্রের গুরুত্বকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান তিনি। ‘বনলতা এক্সপ্রেস’-এ শরিফুল রাজের বিপরীতে অভিনয় করে নতুন এক জুটির সম্ভাবনাও তৈরি করেছিলেন সাবিলা। তাদের পর্দার রসায়ন নিয়ে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
চরিত্রের খোঁজে শরিফুল রাজ
অন্যদিকে শরিফুল রাজের অভিনয় ক্যারিয়ারও এগিয়েছে নানা বাঁক পেরিয়ে। চলচ্চিত্রে তার যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি। ‘পরাণ’, ‘হাওয়া’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয়ের পর দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে। রোমান্টিক চরিত্র থেকে শুরু করে বাস্তবধর্মী ও জটিল সব চরিত্রেই নিজেকে ভাঙার চেষ্টা করেছেন এই অভিনেতা। ‘বনলতা এক্সপ্রেস’-এ সাবিলার সঙ্গে তার জুটি ছিল সিনেমাটির অন্যতম আলোচনার বিষয়। সেই সিনেমার পর থেকেই দর্শকদের একাংশ নতুন কোনো প্রজেক্টে রাজ-সাবিলাকে আবারও একসঙ্গে দেখতে চেয়েছিলেন। এবার যেন সেই অপেক্ষারই অবসান ঘটছে।
প্রেম, সময় আর রহস্যের গল্প
প্রকাশিত অ্যানাউন্সমেন্ট পোস্টারেই মিলেছে রহস্যময় এক আবহের ইঙ্গিত। সমুদ্র, আকাশ, আলো-আঁধারি আর দুই মানুষের ছায়ামূর্তির মধ্য দিয়ে তৈরি করা হয়েছে অন্যরকম এক ভিজ্যুয়াল জগৎ। পোস্টারে থাকা বার্তাটিও সিনেমার গল্প নিয়ে কৌতূহল বাড়িয়েছেÑ সত্যিকারের ভালোবাসা কখনও শেষ হয় না, হয়তো কখনও তা সময়েরই কোনো চক্রে আটকে যায়।
সায়েন্স ফিকশন ও টাইম ট্রাভেলের মিশেলে নির্মিতব্য ‘কানাভুলা প্যারাডক্স’-এ রাজ ও সাবিলাকে এবার কোন সময়ের, কোন বাস্তবতার কিংবা কেমন সম্পর্কের গল্পে দেখা যাবেÑ তা অবশ্য এখনও রহস্যই থাকছে।
‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও একই ফ্রেমে ফিরছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। নতুন নির্মাতা, ভিন্ন ঘরানার গল্প এবং সময়ের গোলকধাঁধায় মোড়া এক প্রেমের সম্ভাবনাÑ তাই ‘কানাভুলা প্যারাডক্স’ নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে কৌতূহল। জানা গেছে, ২০২৭ সালের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।