× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌসিফ এবার পাইলট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮ পিএম

তৌসিফ এবার পাইলট

কখনও প্রেমিক, কখনও মজার কোনো চরিত্র আবার কখনও গল্পের প্রয়োজনে একেবারে ভিন্নরূপে পর্দায় হাজির হয়েছেন তৌসিফ মাহবুব। অভিনয়ের নানা বাঁকে দর্শকদের চমক দেওয়ার অভিজ্ঞতা তার নতুন নয়। তবে এবার যেন পর্দার চরিত্রের সঙ্গে মিশে নতুন এক পরিচয়েই ধরা দিলেন তিনি। সাদা শার্ট, কাঁধে পাইলটের ব্যাজ-বিমানের পাশে দাঁড়িয়ে তৌসিফ যেন জানিয়ে দিলেন, এবার তার গন্তব্য আকাশপথে!

নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব। ভালোবাসা, আবেগ ও সম্পর্কের গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে ‘লাক্স সুপারস্টার ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ী বিদুষী বর্ণিতাকে। ফলে পর্দায় আসছে তৌসিফ-বর্ণিতা নতুন জুটি।

বিদুষী বর্ণিতা

সম্প্রতি পাইলটের পোশাকে বিমানের পাশে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন তৌসিফ। ছবির ক্যাপশনে লেখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন, দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং।’ মুহূর্তেই তার নতুন লুক নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয় কৌতূহল।

শুধু ছবির জন্য নয়, চরিত্রের আবহ যেন বাস্তবেও ছড়িয়ে দিয়েছিলেন তৌসিফ। শুটিংয়ের প্রয়োজনে সম্প্রতি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় পাইলটের পোশাক পরেই বিমানবন্দরে যান তিনি। আর সেখানেই মুখোমুখি হন মজার এক অভিজ্ঞতার। অভিনেতাকে দেখে অনেকেই যেন চিনতে পারছিলেন আবার ঠিক চিনতেও পারছিলেন না। কেউ কেউ সরাসরি প্রশ্নও করেনÑ তিনি সত্যিই পাইলট কি না! এই অভিজ্ঞতা নিয়ে তৌসিফ বলেন, ‘জীবনে অনেক কিছু করা উচিত। অনেক বছর অভিনয় করলাম, এবার দেখি প্লেন চালাতে পারি কি না। আমার সঙ্গে একজন কো-পাইলটও আছেন।’

পাইলটের পোশাক পরে মানুষের কাছ থেকে পাওয়া সম্মানও আলাদাভাবে অনুভব করেছেন তৌসিফ। বিমানবন্দরে মানুষের কৌতূহলী দৃষ্টি যেমন তাকে আনন্দ দিয়েছে, তেমনি কাছ থেকে বুঝতে পেরেছেন এই পেশার প্রতি মানুষের শ্রদ্ধার বিষয়টিও।

এদিকে ‘ক্যাফে আমব্রেলা’র গল্পে থাকবে কয়েকটি ভিন্ন গল্পের সংযোগ। রোমান্স ও ড্রামার আবহে সাজানো ওয়েব ফিল্মটিতে তৌসিফ ও বর্ণিতা ছাড়াও অভিনয় করছেন আমিনা ইসলাম, নাযা নাওয়ার, রেজওয়ানসহ অনেকে।

বর্তমানে কক্সবাজার, বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে চলছে ওয়েব ফিল্মটির শেষ দিকের শুটিং। কাজ শেষ করে শিগগিরই এটি ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পর্দায় চরিত্র বদলানো তৌসিফের কাছে নতুন কিছু নয়। তবে এবার পাইলটের পোশাকে তার এই নতুন উড়াল শুধু চরিত্রের পরিবর্তন নয়, দর্শকের জন্যও নিয়ে আসছে ভিন্ন এক চমক। নতুন জুটি, ভালোবাসার গল্প আর আকাশপথের আবহÑ সব মিলিয়ে ক্যাফে আমব্রেলাতে এবার দর্শকের গন্তব্য কোথায় গিয়ে থামে, সেটিই দেখার অপেক্ষা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা