প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৩ পিএম
কখনও ক্যামেরার সামনে চরিত্র হয়ে ওঠা, কখনও শুটিংয়ের ব্যস্ততায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ানো। তানজিন তিশার পরিচিত পৃথিবী এতদিন ছিল মূলত অভিনয়কেন্দ্রিক। তবে এবার সেই চেনা ফ্রেমের বাইরে বেরিয়ে নতুন এক গল্প লিখতে যাচ্ছেন তিনি। পর্দার আলো পেরিয়ে এবার তার গন্তব্য খাবারের জগৎ। অভিনেত্রী নয়, এবার তাকে দেখা যাবে উদ্যোক্তার নতুন পরিচয়ে।
খাবারের ব্যবসায় নাম লিখিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। রাজধানীর বনানীতে চালু হতে যাচ্ছে তার নতুন রেস্তোরাঁ ‘ও রিয়েল’। আগামী ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
নিজের নতুন এই স্বপ্নের উদ্যোগ নিয়ে এরই মধ্যে সরব তানজিন তিশা। সামাজিক মাধ্যমে ‘ও রিয়েল’-এর নামে খোলা হয়েছে আলাদা পেজ। নিজের ফেসবুক পেজেও নিয়মিত শেয়ার করছেন রেস্তোরাঁটির প্রচারণামূলক পোস্ট। সম্প্রতি প্রকাশিত একটি প্রচারণামূলক রিলসে দেখা গেছে রেস্তোরাঁটির অন্দরসজ্জার কিছু ঝলক। আলো-ছায়ার আবহে সাজানো সেই ভিডিও যেন জানিয়ে দিচ্ছে, অতিথিদের স্বাগত জানানোর প্রস্তুতি প্রায় শেষ। সেখানে বিশেষ কিছু পরিবেশনের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
তবে ‘ও রিয়েল’-এ কী ধরনের খাবার থাকছে কিংবা এর বিশেষত্ব কীÑ সেসব বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। ফলে উদ্বোধনের আগেই নতুন এই রেস্তোরাঁ ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। অন্যদিকে অভিনয়ের দুনিয়ায়ও চলছে তিশার নতুন অধ্যায়ের প্রস্তুতি। নাটকে নিয়মিত কাজের পাশাপাশি এবার বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সাকিব ফাহাদের পরিচালনায় নির্মিত সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে দেশ-বিদেশের বিভিন্ন লোকেশনে। বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এর কাজ।
বড়পর্দায় নতুন পথচলার অপেক্ষা, আর একই সময়ে নিজের ব্যবসার নতুন স্বপ্নÑ দুই ভিন্ন জগতের ব্যস্ততায় এখন সময় কাটছে তানজিন তিশার।