× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নিঃস্ব’তে নতুন চমক

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৮ পিএম

‘নিঃস্ব’তে নতুন চমক

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে দেশের চলচ্চিত্রের সবচেয়ে নির্ভরযোগ্য তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন, বদলেছে তার সিনেমা বাছাইয়ের ধরনও। সাম্প্রতিকসময়ে ভিন্নধর্মী গল্প, বড় আয়োজন ও নতুন নির্মাতাদের সঙ্গে কাজ করে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন তিনি। সর্বশেষ মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেতা। সিনেমাটির সাফল্যের পর এবার একই নির্মাতার সঙ্গে নতুন সিনেমা ‘নিঃস্ব’ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন শাকিব।

নতুন এই সিনেমাকে ঘিরে এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে ‘নিঃস্ব’-এ শাকিব খানের সঙ্গে গুণী অভিনেতা নাসির উদ্দিন খান অভিনয় করতে পারেন— এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। এর আগে ‘প্রিন্স’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাকিব ও নাসির উদ্দিন খান। দুই অভিনেতার উপস্থিতি ও রসায়ন দর্শকদের কাছে প্রশংসিত হয়েছিল। ফলে নতুন সিনেমায় আবারও তাদের একসঙ্গে দেখা যাবে কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

তবে বিষয়টি নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইছেন না সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার ভাষ্য, ‘নিঃস্ব’-এর কাস্টিং এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে বিভিন্ন শিল্পীকে নিয়ে ভাবনা থাকলেও গল্পের প্রয়োজন ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখেই শেষ পর্যন্ত অভিনয়শিল্পী নির্বাচন করা হবে।

সিনেমার প্রযোজক গণমাধ্যমকে বলেন, ‘এখনও কোনো কিছু কনফার্ম হয়নি। আমরা ভাবনার জায়গা থেকে কাস্টিং নিয়ে অনেক কিছুই ভাবি। এখন পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত নয়। গল্পের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করা হবে। চূড়ান্ত শিল্পীদের তালিকা শুটিংয়ের সময় জানানো হবে।’

তবে একটি বিষয়ে প্রায় নিশ্চিত খবর পাওয়া গেছে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার এই সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এর মাধ্যমে তৃতীয়বারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন শাকিব-ইধিকা। এর আগে তাদের জুটি দর্শকদের মধ্যে আলোচনায় ছিল। ফলে নতুন সিনেমাতেও এই জুটিকে ঘিরে প্রত্যাশা থাকছে আলাদা।

‘নিঃস্ব’সিনেমার শুটিং নিয়েও এসেছে নতুন পরিকল্পনা। আগে নভেম্বর থেকে ক্যামেরা চালুর কথা শোনা গেলেও এখন অক্টোবরের শেষ দিকে শুটিং শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্মাতা ও প্রযোজনা সংশ্লিষ্টরা আপাতত সিনেমাটির নাম ‘নিঃস্ব’ রেখেছেন। শুটিংয়ের সময় গল্প, চরিত্র এবং অন্য অভিনয়শিল্পীদের নামও আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শাকিব খানের সাম্প্রতিক সিনেমাগুলোর দিকে তাকালে দেখা যায়, দর্শকের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। ‘বরবাদ’-এর পর নতুন এই সিনেমা তার ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। অন্যদিকে, মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে দ্বিতীয়বার কাজ হওয়ায় ‘নিঃস্ব’নিয়ে প্রত্যাশার পারদও বাড়ছে।

২০২৭ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এখন শাকিবের সঙ্গে কারা যুক্ত হচ্ছেন, নাসির উদ্দিন খানের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় কি না এবং নতুন এই জুটিতে দর্শক কী দেখতে যাচ্ছেন— সেই অপেক্ষাতেই এখন সিনেমাপ্রেমীরা। শুটিং শুরুর আগেই ‘নিঃস্ব’ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছে, তা শেষ পর্যন্ত সিনেমাটির মুক্তির আগ পর্যন্ত আরও বাড়বে বলেই ধারণা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা