× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার দশক পর রেসিং ট্র্যাকে টম-অ্যান হ্যাথাওয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪ পিএম

চার দশক পর রেসিং ট্র্যাকে টম-অ্যান হ্যাথাওয়ে

হলিউডের পর্দায় টম ক্রুজ মানেই বড় আয়োজন, দুর্দান্ত অ্যাকশন আর নতুন কোনো চমক। ‘টপ গান : ম্যাভেরিক’-এর বিশ্বব্যাপী সাফল্যের পর একের পর এক বড় ফ্র্যাঞ্চাইজির সিনেমায় দেখা গেছে তাকে। এবার দীর্ঘ বিরতির পর ফের রেসিং ট্র্যাকে ফিরছেন এই তারকা। আর তার নতুন যাত্রায় সঙ্গী হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে।

হলিউড বিষয়ক সাময়িকী ভ্যারাইটির তথ্য অনুযায়ী ১৯৯০ সালের জনপ্রিয় সিনেমা ‘ডেজ অব থান্ডার’-এর নতুন কিস্তিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়েকে। প্রায় চার দশক পর এই সিনেমার মাধ্যমে আবারও রেসিং কারের স্টিয়ারিংয়ে ফিরতে যাচ্ছেন টম।

১৯৯০ সালে টনি স্কটের পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘ডেজ অব থান্ডার’। সিনেমাটিতে টম ক্রুজের বিপরীতে অভিনয় করেছিলেন নিকোল কিডম্যান। নতুন কিস্তিতেও টমকে দেখা যাবে তার আগের চরিত্র রেসার কোল ট্রিকল হিসেবে। অন্যদিকে অ্যান হ্যাথাওয়ে অভিনয় করবেন একটি রেসিং কার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে।

সিনেমাটির গল্প নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, নতুন এই কিস্তি নির্মিত হবে আইম্যাক্স ফরম্যাটে, যা দর্শকের রেসিং ট্র্যাকের অভিজ্ঞতা আরও বড় পরিসরে দেওয়ার পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন জোনাথন লেভি। প্রযোজনায় থাকছেন হলিউডের পরিচিত প্রযোজক জেরি ব্রুকহাইমার ও টমি হারপার।

প্যারামাউন্ট পিকচার্স ২০২৮ সালের ২ জুন সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে।

এদিকে ২০২৬ সাল অ্যান হ্যাথাওয়ের জন্য বেশ ব্যস্ততার মধ্য দিয়েই কাটছে। একের পর এক আলোচিত সিনেমা নিয়ে রয়েছেন তিনি। ‘মাদার মেরি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা টু’, ‘দি ওডিসি’ ও ‘দি এন্ড অব ওক স্ট্রিট’Ñ বছরজুড়ে তার একাধিক সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। বছরের শেষদিকে কোলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভ্যারাইটি’তেও দেখা যাবে তাকে।

অন্যদিকে ‘মিশন : ইম্পসিবল’ সিরিজের পর টম ক্রুজ আবারও বড় ফ্র্যাঞ্চাইজির দুনিয়ায় ফিরছেন ‘ডেজ অব থান্ডার’ দিয়ে। সামনে রয়েছে তার নতুন সিনেমা ‘ডিগার’। পাশাপাশি ‘টপ গান’ ফ্র্যাঞ্চাইজির আরেকটি সিনেমায়ও অভিনয়ের কথা রয়েছে তার।

তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে টম ক্রুজ ও অ্যান হ্যাথাওয়ের প্রথমবারের মতো জুটি বাঁধা। দুই ভিন্ন প্রজন্মের জনপ্রিয় এই তারকাকে একই পর্দায় দেখার অপেক্ষায় থাকছেন দর্শক। আর প্রায় ৪০ বছর পর টমের রেসিং ট্র্যাকে ফেরা সেই অপেক্ষাকে আরও বাড়িয়ে দিয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা