প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৪:১৫ পিএম
মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে লড়াইয়ের গল্প নয়; এর সঙ্গে জড়িয়ে আছে স্বজন হারানোর বেদনা, ঘরছাড়া মানুষের অনিশ্চয়তা, ভয় আর টিকে থাকার অবিরাম সংগ্রাম। একাত্তরের সেই মানবিক ইতিহাসই এবার শ্রব্য-দৃশ্য কাব্যের আঙ্গিকে তুলে ধরল কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। তাদের নতুন প্রযোজনা ‘খুলনা একাত্তর: আমার মুক্তিযুদ্ধ’ মঞ্চস্থ হয়েছে ছায়ানট মিলনায়তনে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত প্রযোজনাটিতে আলো, আবহসংগীত, আবৃত্তি ও বর্ণনাত্মক কাহিনির সমন্বয়ে নির্মিত হয় এক ভিন্নধর্মী পরিবেশনা। মুক্তিযুদ্ধের বেদনাময় ও গৌরবোজ্জ্বল নানা ঘটনার সঙ্গে দর্শক-শ্রোতাদের পরিচয় করিয়ে দেয় এই শ্রব্য-দৃশ্য কাব্য।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী দীপা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘খুলনা একাত্তর: আমার মুক্তিযুদ্ধ’ অবলম্বনে প্রযোজনাটি নির্মিত হয়েছে। ২০১৪ সালে বেঙ্গল থেকে প্রকাশিত বইটির মূল লেখাকে মঞ্চোপযোগী রূপ দিয়েছেন আশরাফুল হাসান বাবু। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন ড. তিতাস রোজারিও।
প্রথাগত আবৃত্তির গণ্ডি পেরিয়ে একাত্তরের কঠিন বাস্তবতাকে জীবন্ত করে তোলার চেষ্টা ছিল পরিবেশনাটিতে। শরণার্থী হিসেবে একটি পরিবারের অনিশ্চিত যাত্রা, চুকনগর ও ঝাউডাঙ্গার গণহত্যা, আগুনে পুড়ে যাওয়া জনপদ এবং ফুলতলা-বটিয়াঘাটায় দেশদ্রোহীদের নির্মমতার নানা চিত্র উঠে আসে শিল্পীদের পরিবেশনায়।
স্বজন হারানোর অসহনীয় যন্ত্রণার মধ্যেও মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা ও সংগ্রামের গল্পও ছিল এই প্রযোজনার অন্যতম অনুষঙ্গ। ফলে মুক্তিযুদ্ধকে কেবল যুদ্ধ ও ধ্বংসের ইতিহাস হিসেবে নয়, বরং সাধারণ মানুষের ত্যাগ, অশ্রু, বেদনা এবং অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেও তুলে ধরা হয়েছে।
পরিবেশনা শেষে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ পর্ব। এতে শুভেচ্ছা বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী দীপা বন্দ্যোপাধ্যায়, শিল্পী তিমির নন্দী, লেখক ও সংগঠক মফিদুল হক এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শব্দসৈনিক আশরাফুল আলম।
বক্তারা মুক্তিযুদ্ধের নানা স্মৃতি তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়ার গুরুত্বের কথা বলেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ন্যায়, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
‘খুলনা একাত্তর: আমার মুক্তিযুদ্ধ’ তাই শুধু একটি মঞ্চ প্রযোজনা নয়, স্মৃতির ভেতর দিয়ে নতুন করে একাত্তরকে অনুভব করারও এক মানবিক প্রয়াস।