× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরিত্রের খোঁজে সাদিয়া

মাহমুদা বিশ্বাস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ১৩:১৩ পিএম

চরিত্রের খোঁজে সাদিয়া

ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু হলেও এখন আর নিজেকে কোনো একটি মাধ্যমের গণ্ডিতে আটকে রাখেননি সাদিয়া আয়মান। নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ থেকে শুরু করে বড়পর্দাÑ অভিনয়ের নানা পরিসরে নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী। তবে সংখ্যার প্রতিযোগিতায় না নেমে বরং গল্প ও চরিত্রের ভিন্নতায় নিজেকে মেলে ধরতেই বেশি আগ্রহী তিনি।

শুরুটা হয়েছিল টেলিভিশন নাটক দিয়ে। ‘ফুলের নামে নাম’, ‘কবি+কুসুম’, ‘ফুলহাতা শার্ট’-সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছিল সাদিয়া। এরপর শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়াশালিক’-এ সারাহ চরিত্রে অভিনয় তাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এই কাজের জন্য প্রশংসার পাশাপাশি অভিনয়ে স্বীকৃতিও পেয়েছেন তিনি।

ওটিটি দুনিয়াতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন সাদিয়া। ‘কাবাডি’, ‘ইন্টার্নশিপ’ ও ‘প্রচলিত’-এর মতো ওয়েব সিরিজে তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন চরিত্রে। পরে অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’য়ও অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। ছোটপর্দার পরিচিত মুখ থেকে ধীরে ধীরে বহু মাধ্যমের অভিনেত্রী হয়ে ওঠার এই যাত্রায় চরিত্র বাছাইয়ের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সাদিয়া।

বড়পর্দায় তার অভিষেক ঘটে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমার মধ্য দিয়ে। ছবিটিতে কিশোরী কাজলরেখার চরিত্রে অভিনয় করেন তিনি। এরপর ‘উৎসব’ সিনেমায় তরুণ বয়সের জেসমিন চরিত্রে দেখা যায় সাদিয়াকে। বড়পর্দায় কাজের সুযোগ এলেও তাড়াহুড়া করে একের পর এক সিনেমায় নাম লেখানোর পক্ষপাতী নন তিনি। বরং চরিত্র ও গল্পের সঙ্গে নিজের সংযোগ তৈরি হলেই নতুন কাজের সিদ্ধান্ত নিতে চান এই অভিনেত্রী।

এবার সেই পথচলায় যুক্ত হচ্ছে নতুন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আরও কিছুক্ষণ’। ২৯ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। তার বিপরীতে রয়েছেন অভিনেতা শাহিন আহমেদ। সিনেমাটি নির্মাণ করেছেন রুবায়েত মাহমুদ।

ব্যস্ত ও যান্ত্রিক এক শহরে দুই আগন্তুকের জীবনের কিছু মুহূর্তকে ঘিরে গড়ে উঠেছে ‘আরও কিছুক্ষণ’-এর গল্প। অল্প সময়ের এই গল্পে সম্পর্ক, অনুভূতি ও মানুষের ভেতরে লুকিয়ে থাকা সূক্ষ্ম আবেগকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নির্মাতার ভাষ্য অনুযায়ী সিনেমাটির প্রতিটি চরিত্রই গল্পের জন্য গুরুত্বপূর্ণ; সাদিয়ার চরিত্রটিও গড়ে উঠেছে সূক্ষ্ম অনুভূতি ও ভিন্ন এক মানসিক আবহকে কেন্দ্র করে। আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় জি সিরিজের ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নতুন এই কাজটি নিয়ে আশাবাদী সাদিয়া। তবে ক্যারিয়ারের শুরুতেই তিনি বুঝে গেছেন, একই ধরনের চরিত্রে বারবার দেখা গেলে অভিনেতার সম্ভাবনার জায়গাটি সীমিত হয়ে যেতে পারে। তাই সচেতনভাবেই নিজেকে একই ধরনের চরিত্রের পুনরাবৃত্তি থেকে সরিয়ে এনেছেন বলে জানান তিনি।

সাদিয়ার ভাষায়, ‘যখন দেখলাম নাটকে একই চরিত্র বারবার পাচ্ছি, তখন নিজেকে ওখান থেকে সরিয়ে এনেছি। সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিতে শুরু করি। কোনো গল্প এলেই এটা করব কি না, আগে নিজেকে প্রশ্ন করি। যখন মনে হয়, কাজটা করা উচিত, তখনই করি। না হলে যত বড় কাজই হোক, সম্মান রেখেই না করে দিই।’

সিনেমার ক্ষেত্রেও একই ভাবনা তার। বড়পর্দায় নিয়মিত কাজ করার আগ্রহ থাকলেও শুধু উপস্থিতি বাড়ানোর জন্য কোনো সিনেমায় যুক্ত হতে চান না সাদিয়া। 

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সিনেমাটা একটু বুঝে করা উচিত। সময় নিচ্ছি। অনেক গল্প এসেছে, মিটিং হয়েছে, হচ্ছে। সব ঠিকঠাক হলেই সিনেমাটা করতে চাই। সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চাই না।’

তাই সাদিয়া আয়মানের সামনে এখন শুধু নতুন কাজের সংখ্যা বাড়ানোর লক্ষ্য নেই; আছে নিজের অভিনয়ের পরিসর আরও বিস্তৃত করার চেষ্টা। কখনও নাটকের পরিচিত কোনো চরিত্র, কখনও ওয়েবের জটিল গল্প, আবার কখনও ‘কাজলরেখা’ বা ‘উৎসব’-এর মতো বড়পর্দার আয়োজনÑ প্রতিটি ধাপে নতুন কিছু করার চেষ্টা করছেন তিনি। আর সেই পথচলার নতুন সংযোজন ‘আরও কিছুক্ষণ’, যেখানে যান্ত্রিক শহরের ভিড়ে এবার দেখা যাবে অনুভূতির এক অন্য গল্প।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা