প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৬:৫৫ পিএম
গীতিকার হিসেবে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সম্মাননা পেয়েছেন রেজাউর রহমান রিজভী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গীতিকার হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সম্মাননা পেয়েছেন রেজাউর রহমান রিজভী। এক যুগেরও বেশি সময় ধরে গান লেখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
ঢাকার জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিজভীর হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রকাশনা তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কার্যকরী কমিটির সদস্যরা।
সম্মাননা গ্রহণ করে বাচসাসের কার্যকরী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান রিজভী। পাশাপাশি গীতিকারদের স্বীকৃতি দেওয়ার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
সাংবাদিকতা, অভিনয়, নাট্যরচনা ও সাহিত্যচর্চার পাশাপাশি গীতিকার হিসেবেও দীর্ঘ ও সমৃদ্ধ সময় পার করছেন রেজাউর রহমান রিজভী। ২০১৩ সালের এপ্রিলে সিডি চয়েসের ব্যানারে শিল্পী রাকিব মোসাব্বিরের কণ্ঠে প্রকাশিত ‘সুখ পাখি’ গানটি তার প্রথম প্রকাশিত গান। একই মাসে প্রকাশিত হয় তার লেখা দ্বিতীয় গান ‘ছলনা’। তার পর থেকে নিয়মিতভাবে শ্রোতাদের কাছে পৌঁছেছে তার লেখা নতুন নতুন গান।
এ পর্যন্ত রিজভীর লেখা অসংখ্য গান প্রকাশিত হয়েছে। এসব গানে এপার বাংলা ও ওপার বাংলার শতাধিক শিল্পী কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত ‘সুপ্রিয় বাংলাদেশ’ অ্যালবামে তার লেখা ‘মায়ের বুকে’ শিরোনামের দেশাত্মবোধক গানটিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ১১ জন শিল্পী। তারা হলেন—মেহেদী হাসান সজল, তারিকুল ইসলাম মাসুম, ফারাবী ইসলাম, মৌমিতা তাশরিন নদী, আহমেদ হুমায়ূন, শামীম আশিক, আশরাফ, এম এস রানা, রিহান, লুৎফর হাসান ও নিজু।
রিজভীর লেখা গান গেয়েছেন দেশের আরও অনেক শিল্পী। তাদের মধ্যে রয়েছেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, ন্যান্সি, বেলাল খান, এফ এ সুমন, তৌসিফ আহমেদ, টি ডব্লিউ সৈনিক, সাব্বির জামান, সোহেল মেহেদী, পুলক অধিকারী, সাজু আহমেদ, নওরীন শরীফ শার্লিন, মাহমুদ সানি, ইলিয়াস হোসাইন, তানজিনা করিম স্বরলিপি, লোপা হোসাইন, মোহাম্মদ মিলন, ফরিদা আক্তার পপি, আমিরুল মোমেনিন মানিক, সাবরিনা সাবা, মনমি, অভী তালুকদার, তামান্না প্রমী, শাহেদ, সোহেল জন, নিশি, ইউসুফ রাজা, কামরুল ইসলাম, দীপু, এম আলী, নমন, আর্নিক, অশ্রু, তানভীর তারেক, নিলয়, রিয়াজ লিটন, মাইশা, মেহেদী, শুভ, সাব্রিন, বাশার, পলক হাসান, সানি আজাদ, তৌসিফ, রাশিদুল মনসুর পলাশ, খায়রুল বাশার, শীলা দেবী, বারী দেওয়ান হৃদয়, ফাহিম ফয়সাল, মার্লিন, সুমি মির্জা ও রিফাত খন্দকার প্রমুখ।
ভারতের শিল্পীদের মধ্যেও রিজভীর লেখা গান গেয়েছেন মধুরা ভট্টাচার্য, সোমচন্দ্রা ভট্টাচার্য, তন্ময় দাস, গোপিকা গোস্বামী ও রূপক তেওয়ারী প্রমুখ।
গীতিকার হিসেবে রিজভী কাজ করেছেন দেশের স্বনামধন্য সুরকার ও সংগীত পরিচালকদের সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন বাপ্পা মজুমদার, এফ এ সুমন, সজীব দাস, টনি রেনার, রাজন সাহা, অমিত চ্যাটার্জি, জুয়েল মোর্শেদ, জাহিদ বাশার পঙ্কজ, রাকিব মোসাব্বির, মাহমুদ সানি, প্লাবন কোরেশী, লুৎফর হাসান, রানা আখন্দ, আমিরুল মোমেনিন মানিক, সাজেদুর শাহেদ, নসরুল হক রনি, সাজু আহমেদ, রাহুল মুৎসুদ্দী, ইলিয়াস হোসাইন, রেজওয়ান শেখ, এম আলী, নমন, তানভীর তারেক, এস এম তুষার, শামীম আশিক, আহমেদ সাজিব ও বারী দেওয়ান হৃদয় প্রমুখ।
নিজের লেখা ও প্রকাশিত ৫৪টি গান নিয়ে ২০১৮ সালে অমর একুশে বইমেলায় দোয়েল প্রকাশনী থেকে ‘আমার গানের খাতা’ শিরোনামে একটি বই প্রকাশ করেন রিজভী। এ ছাড়া গীতিকবি সংঘ বাংলাদেশ প্রকাশিত ‘সংঘজনের গীতিকবিতা’ বইয়ে দেশের স্বনামধন্য গীতিকারদের সঙ্গে রিজভীর লেখা গান ও তার বায়োগ্রাফিও স্থান পেয়েছে।
গান লেখার স্বীকৃতিস্বরূপ এর আগে স্টার অ্যাওয়ার্ড, বাংলার সঙ্গীত স্বাধীনতা স্মারক ও বাংলার সঙ্গীত পারফরম্যান্স অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন রিজভী।
বর্তমানে সাংগঠনিকভাবে তিনি গীতিকবি সংঘ বাংলাদেশ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে যুক্ত রয়েছেন।