প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১২:৫২ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহীর ব্যস্ততা যেন দিন দিন বাড়ছে। একের পর এক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে দর্শকের নজর কাড়ছেন তিনি। গল্প ও চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে কাজ করা এই অভিনেত্রী সাম্প্রতিক সময়েও বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। এবার নতুন নাটক ‘সীমানা’ নিয়ে আলোচনায় এসেছেন মাহী।
নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা মুশফিক আর ফারহান। সম্প্রতি প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক মাধ্যমে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে মাহী ও ফারহানের রসায়ন দর্শকের বেশ ভালো লেগেছে। নাটকের বিভিন্ন দৃশ্য ও দুজনের অভিনয় নিয়ে মন্তব্যের ঘরে চলছে প্রশংসার ঝড়।
একজন দর্শক লিখেছেন, ‘ফারহান ভাই আছে মানে নাটক আগুন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর হয়েছে, বাস্তবধর্মী গল্প। তবে গল্পটা আরেকটু বাড়ালে ভালো হতো।’ ফারহানকে উদ্দেশ করে একজন লিখেছেন, ‘বসের সঙ্গে আপনাকে অনেক ভালো লাগে, অসাধারণ।’ এমন আরও অসংখ্য ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে সামাজিক মাধ্যমে করা মাহির পোস্টে মন্তব্যের ঘরে।
‘সীমানা’য় মাহীকে দেখা গেছে প্রাণবন্ত এক চরিত্রে। গল্পের আবেগ, সম্পর্কের টানাপড়েন এবং চরিত্রের অনুভূতি প্রকাশে তিনি ছিলেন সাবলীল। অন্যদিকে ফারহানের সঙ্গে তার স্বাভাবিক রসায়ন নাটকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে মনে করছেন দর্শক।
সম্প্রতি করা কাজগুলোতে মাহী যে নিজের অভিনয়ে নতুনত্ব আনার চেষ্টা করছেন, ‘সীমানা’ তারই আরেকটি উদাহরণ। দর্শকদের প্রশংসা ও ইতিবাচক মন্তব্যে নতুন এই কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তার ভক্তরাও। ফারহানের সঙ্গে মাহীর জুটি এবং ‘সীমানা’র গল্প এখন ছোটপর্দার দর্শকের আলোচনায় জায়গা করে নিয়েছে।