বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:৪৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৬:০০ পিএম
ভিন্নধর্মী গায়িকার জন্য শ্রোতামহলে দারুণ প্রশংসিত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। তবে বেশ কিছুদিন মৌলিক গান থেকে দূরে ছিলেন এ গায়িকা। বিরতী ভেঙে আবারও গানে সরব হলেন তিনি।
নতুন বছরে প্রকাশ পেয়েছে তার একক গান। এর শিরোনাম ‘ভালোবাসা নয় সেকি’। গত বুধবার নিজ ইউটিউব চ্যানেল ‘লিজা’ থেকে গানটির টিজার উন্মুক্ত করেছেন লিজা। শুক্রবার প্রকাশ করবেন পুরো ভিডিও। গানটির কথা লিখেছেন লালন লোহানী। সুর করেছেন নাজির মাহমুদ। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ভিডিও বানিয়েছেন রাজ বিশ্বাস শংকর।
লিজা বলেন, ‘এই গানটি দুই বছর আগে রেকর্ড করা হয়। তবে ভিডিও করার জন্য সময় পাচ্ছিলাম না। এবার হুট করেই করা। সাধারণত আমি যে ধরনের সফট-মেলোডি কথা-সুর নির্ভর গান করতে পছন্দ করি, এটি তেমনই। এটা খুব সুরেলা। শুনতে আরাম লাগবে।’
গায়িকা আরও যোগ করেন, ‘এত দিন ধরে গান করলেও আমি কখনো কক্সবাজারে গানের শুটিং করিনি। এবার করলাম। কক্সবাজারে আমার একটা শো ছিল। শোয়ের মাঝে দুই দিনের একটা বিরতি পাই। তখনই শুটিংটা করি। গানটিতে সমুদ্র, গাছ, পাহাড়ের সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠেছে।’
উল্লেখ্য, গান, উপস্থাপনা, খেলাধুলা সব মাধ্যমেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন ২০০৮ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী লিজা। এক যুগের ক্যারিয়ারে ‘পাগলী সুরাইয়া’, ‘ভুল করে যদি কখনো’, ‘যাবি কত দূরে’, ‘পাখি’, ‘এই তো ভালোবাসা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।