প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মুখে ‘শিকার’ সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে। ছবি: শিকার টিমের সৌজন্যে
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মুখে ‘শিকার’ সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কাজ অসম্পূর্ণ রেখেই বৃহস্পতিবার সন্ধ্যায় কাঠমান্ডু পৌঁছেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসসহ পুরো ইউনিট।
তাদের শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
সিনেমাটির ইউনিট সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার ফ্লাইটে তারা পোখারা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দেন এবং সন্ধ্যা নাগাদ সেখানে পৌঁছান। শুক্রবার সন্ধ্যা ৬টার ফ্লাইটে তাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।
প্রায় এক মাস ধরে নেপালের বিভিন্ন লোকেশনে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীরা। তবে বুধবার নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে পরিস্থিতির অবনতি হওয়ায় শুটিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিনেমাটির চিত্রগ্রাহক সাইফুল শাহীন কাঠমান্ডু থেকে জানান, তারা বর্তমানে নিরাপদ রয়েছেন। তিনি বলেন, “সিনেমাটির প্রায় সব কাজ শেষ। শুধু একটি গানের শুটিং বাকি ছিল। মানবিক কারণে এবং নিরাপত্তার কথা চিন্তা করে আমরা দ্রুত পোখারা ছেড়েছি। বাকি থাকা গানের শুটিংয়ের জন্য আমাদের পরবর্তীতে আবারও নেপালে আসতে হবে।”
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন মুর্তজা পলাশ। রেজা ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করছেন ভারতের রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ বাংলাদেশ ও নেপালের বেশ কয়েকজন শিল্পী। গত ৪ আগস্ট থেকে নেপালে এর চিত্রধারণ শুরু হয়েছিল।
নেপালের রাসুয়া জেলায় হিমবাহ ধসে বুধবার সৃষ্ট আকস্মিক বন্যায় কয়েক শ মানুষের প্রাণহানি ও বহু মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তবে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নেপালে অবস্থানরত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন।