স্ত্রী ইভনাথ খান ইকরার সঙ্গে জাহের আলভী। ছবি: ফেসবুক থেকে
ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মাকে সঙ্গে করে বিচারিক আদালতে হাজির হয়েছেন অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভী।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালতে বৃহস্পতিবার আলভী ও তার মা নাসরিন সুলতানা হাজিরা দেন।
এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে পারেনি।
পরে আদালত আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নাসরিন সুলতানার জামিন স্থায়ী করার আবেদন করা হয়েছিল। তবে আদালত ধার্য তারিখ পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়িয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার মৃত্যুর ওই রাতেই তার বাবা কবির হায়াত খান মামলা করেন।
দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান। ১৮ জুন আলভী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।