× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ১৪:৫৬ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ১৬:১৮ পিএম

খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: সংগৃহীত

খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বৃহস্পতিবার রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন ডনকে আদালতে হাজির করা হয়।

এর আগে ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করেছিলেন।

রিমান্ড আবেদনে ডনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার পক্ষে তিনটি কারণ উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

প্রথমত, মামলাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চল্যকর এবং এর ভিকটিম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মা ১৯৯৬ সাল থেকে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে আসছেন এবং এ বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন।

তদন্ত কর্মকর্তার মতে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ডনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয়ত, আবেদনে ডনকে অত্যন্ত সুকৌশলী ও ধূর্ত প্রকৃতির ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলা হয়, পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগী আসামিদের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া এবং তাদের গ্রেপ্তার করা সম্ভব হতে পারে। মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও নিবিড় তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

তৃতীয়ত, বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে, কার ইন্ধনে এবং কোন কৌশলে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সে বিষয়ে তথ্য উদঘাটনের প্রয়োজনীয়তার কথা বলা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, এ বিষয়ে জিজ্ঞাসাবাদেও মামলার প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

গত ৯ আগস্ট ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ডনকে গ্রেপ্তার করে সিআইডি।

পরে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সিআইডি তাকে হেফাজতে নেয়।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ।

সে সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি।

অপমৃত্যুর মামলা ও হত্যার অভিযোগ একসঙ্গে তদন্ত করতে আদালত সিআইডিকে নির্দেশ দেন।

১৯৯৭ সালের ৩ নভেম্বর সিআইডি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে।

একই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন। তবে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান শাহর বাবা রিভিশন মামলা দায়ের করেন।

সবশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

সামীরা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

পাশাপাশি, অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, সালমান শাহর মৃত্যুর দিন তার মা-বাবা ও ছোট ভাই শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় তাকে দেখতে যান। পরে প্রডাকশন ম্যানেজার সেলিমের ফোন পেয়ে তারা দ্রুত বাসায় ফিরে সালমানকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান।

মামমলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, সালমান শাহর শরীরে আঘাতের বিভিন্ন চিহ্ন ছিল। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত ২০ মে মামলার প্রকৃত কারণ উদঘাটনে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে আদালত লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের অনুমতি দেন। তবে বাদীপক্ষ এ আদেশ বাতিল চেয়ে আবেদন করে।

পরবর্তীতে দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।

মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা