বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:০০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩ ১৫:০৮ পিএম
বলিউড তারকা দিশা পাটানির সঙ্গে টাইগার শ্রফের প্রেম ছিল ওপেন সিক্রেট। তবে সে সর্ম্পক এখন অতীত। গত বছর দুজনের বিচ্ছেদ হয়ে যায়। এখন শোনা যাচ্ছে নতুন প্রেমে মজেছেন দিশা পাটানি।
গত বছরের শেষ দিকে গুঞ্জন রটে, প্রেমে পড়েছেন ‘বাগি ২’ অভিনেত্রী। মডেল আলেকজান্ডার অ্যালেক্সের সঙ্গে প্রায়ই ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। নেটমাধ্যমের পাতায় ‘বিশেষ বন্ধু’র সঙ্গে ছবিও শেয়ার করেছেন দিশা। প্রেমের গুঞ্জনের মাঝে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন আলেকজান্ডার। ওই মডেলের কথায়, দিশা তার কাছে পরিবারের মতো।
সম্প্রতি একসঙ্গে ডিনার করতে গিয়েছিলেন দিশা এবং আলেকজান্ডার। ইনস্টাগ্রাম পোস্টে দিশা নিজের পাশাপাশি আলেকজান্ডারের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন। ওই মডেলও অভিনেত্রীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছেন নেটমাধ্যমে। টাইগার শ্রফের বোন কৃষ্ণার সঙ্গে দারুণ বন্ধুত্ব দিশার। কৃষ্ণা দিশার পোস্টে এসে কমেন্টে লিখেছেন, ‘এ ছবির পর ওরা কী লিখবে তা পড়ার অপেক্ষায় রয়েছি।’
বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আলেকজান্ডার বলেছেন, ‘আমি এটা বুঝি না, লোকে সবকিছু এত ভেবে নেয় কেন? এত চিন্তার দরকার কী অন্যের জীবন নিয়ে? নিজেরা ভালো থাকুন, অন্যদের শান্তিতে জীবনযাপন করতে দিন।’
জানা যায়, ২০২২ সালেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চেয়েছিলেন দিশা পটানি। তার বদলে হয়ে যায় বিচ্ছেদ। প্রেমিক টাইগার শ্রফ নাকি রাজি ছিলেন না। তবে বিরহের রেশ কাটতে না কাটতেই টাইগারের জীবনে এসেছে নতুন প্রেম। বিচ্ছেদের পর মডেল-অভিনেত্রী আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে টাইগারকে।
এর আগে কফি উইথ করণ সিজন ৭-এর একটি পর্বে টাইগার শ্রফকে জিজ্ঞেস করা হয়েছিল দিশা সম্পর্কে। অভিনেতা সাফ জানিয়েছিলেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই নানা ধরনের জল্পনা ছিল। তবে আমরা সব সময়ই ভালো বন্ধু ছিলাম। সেই কথা আগেও বলেছি। এখনও আমরা খুব ভালো বন্ধু।’ এর পরই টাইগার দাবি করেন তিনি সিঙ্গেল। আপাতত মডেল বন্ধুর সঙ্গে দিশার সম্পর্কের চর্চা নিয়ে সরগরম বলিউড।