× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, পরিবার জানালো সুস্থ আছেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ ২২:৫৩ পিএম

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি: অভিনেতার ফেসবুক

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি: অভিনেতার ফেসবুক

চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ খবর সম্পূর্ণ গুজব। বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালো আছেন।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বুধবার বিষয়টি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে পরিবার ও তার প্রতিষ্ঠিত সংগঠন নিসচার পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়। নিসচার নেতারাও জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন জীবিত ও ভালো আছেন।

এদিকে, চিকিৎসার অংশ হিসেবে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় ইলিয়াস কাঞ্চনের সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে। এসব পরীক্ষার পর চিকিৎসকেরা তার পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করবেন বলে জানিয়েছে পরিবার। তবে এখন পর্যন্ত পরীক্ষার ফলাফল বা নতুন কোনো চিকিৎসা-সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে নির্ভরযোগ্য কোনো আপডেট পাওয়া যায়নি।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা এবং দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। বিশেষ করে মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে তথ্য প্রকাশের আগে নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের চিকিৎসা নিচ্ছেন। গত বছরের এপ্রিল থেকে তিনি লন্ডনে চিকিৎসাধীন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরোটা অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে বিভিন্ন ধাপে কেমোথেরাপি ও অন্যান্য থেরাপি নিয়েছেন তিনি।

দীর্ঘ চিকিৎসার মধ্যে সম্প্রতি প্রায় ১০ দিনের জন্য দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। এ সময় পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিসচার একটি অনুষ্ঠানেও অংশ নেন তিনি। কিশোরগঞ্জের করিমগঞ্জে গ্রামের বাড়িতে গিয়ে পূর্বপুরুষদের কবরও জিয়ারত করেন। এরপর চিকিৎসার পরবর্তী ধাপের জন্য আবার লন্ডনে ফিরে যান তিনি।

পরিবার জানিয়েছে, তার কেমোথেরাপির একটি ধাপ শেষ হয়েছে। পরবর্তী চিকিৎসার মূল্যায়নের অংশ হিসেবেই বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। বুধবারের সিটি স্ক্যান ও এমআরআইয়ের ফলাফল পর্যালোচনা করে চিকিৎসকেরা পরবর্তী করণীয় ঠিক করবেন।

এদিকে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তার পরিবার, সহকর্মী ও অসংখ্য ভক্তের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, পরিবারের পক্ষ থেকে তার সুস্থ থাকার খবর দেওয়ার পর তা অনেকটাই কেটেছে। আপাতত তার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য না আসা পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর খবরে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা