মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১১:৫৯ এএম
পত্রিকার পাতায় ‘পাত্রী চাই’ বিজ্ঞাপন দিয়ে হঠাৎ আলোচনায় এসেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। বিজ্ঞাপনে পাত্র হিসেবে নাম ছিল ‘আনিসুর রহমান আনিস’। পেশায় সরকারি প্রকৌশলী, বয়স ৩৫। আর সেই পাত্রের ছবির জায়গায় ছিল আরিফিন শুভর ছবি। অন্যদিকে ‘পাত্র চাই’ বিজ্ঞাপনে পাত্রীর নাম ‘অনামিকা অনু’, যার ছবির জায়গায় দেখা যায় অভিনেত্রী কেয়া পায়েলকে। শুরুতে বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল নানা কৌতূহল। এবার সেই রহস্য আরও খানিকটা উন্মোচন করলেন কেয়া পায়েল নিজেই। সামাজিক মাধ্যমে প্রকাশিত মাত্র ৩৭ সেকেন্ডের একটি ভিডিওতে বউ সাজে দেখা গেল তাকে। আর বরবেশে অন্দরে প্রবেশ করলেন আরিফিন শুভ।

সম্প্রতি কেয়া পায়েল তার ফেসবুক পেজে একটি ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে গোলাপি রঙের লেহেঙ্গায় বউ সাজে দেখা যায় কেয়া পায়েলকে। বিয়ের সাজে সেজে ঘরে বসে থাকা কেয়া পায়েলের সামনে বরবেশে প্রবেশ করেন আরিফিন শুভ। এরপর শুভকে কেয়া পায়েলের কাছে এগিয়ে যেতে দেখা যায়। একপর্যায়ে শুভ তার কপালে আলতো করে চুমু দেন। স্বল্পদৈর্ঘ্যের এই ভিডিওটির শেষ দৃশ্যে পর্দায় ভেসে ওঠে ‘হ্যাপিলি ম্যারিড’।
ভিডিওটি প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। কারণ এর আগেই পত্রিকার পাতায় প্রকাশিত দুটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে শুভ ও কেয়া পায়েলকে নিয়ে তৈরি হয়েছিল রহস্য। একটি বিজ্ঞাপনে ‘আনিসুর রহমান আনিস’ নামের পাত্রের জন্য পাত্রী চাওয়া হয়েছিল। সেখানে পাত্রের পরিচয় হিসেবে সরকারি প্রকৌশলী, বয়স ৩৫ এবং নম্র, সৎ, দায়িত্বশীল ও রান্নায় পারদর্শীÑ এমন গুণের কথা উল্লেখ করা হয়। বিজ্ঞাপনের পাত্রের ছবির জায়গায় ছিল আরিফিন শুভর ছবি।

অন্য বিজ্ঞাপনটিতে চাওয়া হয়েছিল পাত্র। সেখানে পাত্রী হিসেবে নাম ছিল ‘অনামিকা অনু’। বয়স ২৪, অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং নৃত্যকলায় পারদর্শীÑ এমন পরিচয়ের পাশাপাশি ফটোজেনিক ও ‘পিন্টারেস্ট পারফেক্ট’ পাত্রকে অগ্রাধিকার দেওয়ার কথাও বলা হয়। সেখানে পাত্রীর ছবির জায়গায় ছিল কেয়া পায়েলের ছবি। বিজ্ঞাপনের নিচে অবশ্য লেখা ছিলÑ ‘বিজ্ঞাপনী স্বার্থে প্রচারিত’।
তখনই অনেকের মনে প্রশ্ন জেগেছিল, তবে কি বাস্তবেই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল? নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো সিনেমার গল্প? এবার কেয়া পায়েলের প্রকাশিত ভিডিও সেই প্রশ্নের উত্তর অনেকটাই স্পষ্ট করে দিয়েছে।
জানা গেছে, আরিফিন শুভ ও কেয়া পায়েল অভিনীত সিনেমা ‘হ্যাপিলি ম্যারিড’-এর প্রচারণার অংশ হিসেবেই পত্রিকায় অভিনব বিয়ের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সিনেমাটিতে শুভর চরিত্রের নাম আনিস, আর কেয়া পায়েলের চরিত্র অনামিকা। ফলে পত্রিকার পাতায় আনিসুর রহমান আনিস ও অনামিকা অনুর নামে প্রকাশিত বিয়ের বিজ্ঞাপন এবং শুভ-পায়েলের ছবিÑ সবকিছুই ছিল সিনেমাটির প্রচারণার কৌশল।
এবার সেই প্রচারণার ধারাবাহিকতায় প্রকাশ পেল বিয়ের সাজে শুভ-পায়েলের নতুন ভিডিও। ৩৭ সেকেন্ডের ভিডিওটিতে তাদের রসায়নও নজর কেড়েছে দর্শকের।
পর্দায় প্রেম, বিয়ে ও সংসারের গল্পে বহুবার দেখা গেলেও বাস্তব জীবনে আরিফিন শুভ ও কেয়া পায়েলের এই সাজ অবশ্য সিনেমারই অংশ। তবে প্রচারণার অভিনবত্বে বাস্তব আর পর্দার গল্পের সীমারেখা যেন মুহূর্তের জন্য মিলেমিশে একাকার হয়ে গেছে। এখন অপেক্ষা ‘হ্যাপিলি ম্যারিড’-এ আনিস ও অনামিকার গল্প দর্শকের সামনে কীভাবে হাজির হয়, সেটিই দেখার।