মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১০:৪৫ এএম
শাকিব খান, আরশাদ আদনান ও নির্মাতা হিমেল আশরাফ
ঢালিউডে সফল জুটির গল্প নতুন নয়, তবে কিছু সমীকরণ বারবারই দর্শকের আগ্রহের কেন্দ্রে ফিরে আসে। শাকিব খান, প্রযোজক আরশাদ আদনান ও নির্মাতা হিমেল আশরাফের ত্রয়ীও তেমনই এক নাম। ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ পরপর দুই সিনেমায় একসঙ্গে কাজ করে আলোচনায় আসা এই তিনজনকে এবার নিউইয়র্কে একই ফ্রেমে দেখা গেছে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই ফের জোরালো হয়েছে নতুন সিনেমা নিয়ে গুঞ্জন।
বেশকিছু দিন ধরেই শোনা যাচ্ছে, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন আরশাদ আদনান ও হিমেল আশরাফ। এবার নিউইয়র্কে তিনজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই আলোচনা নতুন মাত্রা পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে, সিনেমাটি ২০২৭ সালের কোনো এক ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে এগোতে পারে এই সিনেমাটি। তবে এখনও সিনেমার নাম, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
নতুন সিনেমার আভাস অবশ্য মিলেছিল কয়েক মাস আগেই। গত জুনে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি প্রকাশ করে নতুন কাজের ইঙ্গিত দিয়েছিলেন প্রযোজক আরশাদ আদনান। তখন তিনি জানিয়েছিলেন, বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য বড় পরিসরে চমকপ্রদ কিছু করার প্রস্তুতি চলছে। সেই সম্ভাব্য সিনেমার গল্পে পারিবারিক সম্পর্ক, প্রেম এবং মাটি ও মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা দেশীয় আবহ গুরুত্ব পাবে বলেও আভাস দেওয়া হয়েছিল।
তবে তখন সিনেমাটির নায়ক কে হবেন, তা প্রকাশ করেননি আরশাদ। গল্পকে প্রাধান্য দিয়ে এগোনোর কথা জানিয়েছিলেন তিনি। এর মধ্যেই দর্শকদের আলোচনায় উঠে আসে শাকিব খানের নাম। কারণ ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ দুই সিনেমাতেই আরশাদ আদনান ও হিমেল আশরাফের সঙ্গে কাজ করেছেন এই তারকা।
শাকিব-আরশাদ-হিমেল ত্রয়ীর প্রথম বড় সাফল্য আসে ২০২৩ সালের ‘প্রিয়তমা’ দিয়ে। সিনেমাটি দর্শকের ব্যাপক সাড়া পাওয়ার পাশাপাশি ব্যবসায়িকভাবেও সফল হয়। পরের বছর ‘রাজকুমার’ সিনেমাতেও তারা একসঙ্গে কাজ করেন। ফলে তাদের নতুন কোনো প্রকল্পের খবর মানেই দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক।
এরই মধ্যে নিউইয়র্কের ছবিতে তিনজনকে একসঙ্গে দেখে সেই কৌতূহল আরও বেড়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি কেবল সৌজন্য সাক্ষাৎ, নাকি এর আড়ালে রয়েছে নতুন সিনেমার পরিকল্পনা?
এদিকে শাকিব খান ও হিমেল আশরাফের নতুন সিনেমা নিয়ে এর আগে আরও একটি প্রজেক্টের খবর প্রকাশ্যে এসেছে, যার গল্প চূড়ান্ত ও প্রি-প্রোডাকশনের কাজ চলার কথা জানিয়েছিলেন নির্মাতা। ফলে শাকিবকে ঘিরে একাধিক নতুন সিনেমার আলোচনা থাকলেও আরশাদ-হিমেল-শাকিবের এই সম্ভাব্য নতুন কাজের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
নিউইয়র্কের এক ফ্রেম যেন ঢালিউডপ্রেমীদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে, আবারও কি ‘প্রিয়তমা’-এর সাফল্যের ত্রয়ী ফিরছে নতুন গল্প নিয়ে? উত্তর জানতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার।