প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ ১০:৪১ এএম
মায়াবী চাহনি আর সাবলীল অভিনয়ে ইতোমধ্যেই দর্শকের নজর কেড়েছেন সারা অর্জুন। এবার বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন ‘ধুরন্ধর’ খ্যাত এই তরুণী। মধুবালার বায়োপিকে অভিনয়ের জন্য সারাকেই বেছে নিয়েছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি। ফলে তার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
জানা গেছে, বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করেই মধুবালার বায়োপিকের কাজে হাত দেবেন বানসালি। বর্তমানে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। এই কাজ শেষ হওয়ার পর একই সেট ব্যবহার করে মধুবালার বায়োপিকের শুটিং শুরু করা হবে। আগস্টের শেষ দিকে সেট পরিবর্তনের কাজ শুরু করবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা।
‘ডার্লিংস’ খ্যাত নির্মাতা জসমিত কে. রিন মধুবালার বায়োপিকটি পরিচালনা করবেন বলে জানা গেছে। কিংবদন্তি অভিনেত্রীর মতো একটি ঐতিহাসিক চরিত্রে সারাকে দেখার অপেক্ষায় এখন দর্শকরা।
আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই সারাকে নিয়ে বলিউডে আলোচনা বেড়েছে। তবে অভিনয়ে তার পথচলা দীর্ঘদিনের। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। এরপর তামিল, তেলেগু ও হিন্দি-তিন ভাষার সিনেমায় কাজ করেছেন সারা।
শিশুশিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়ার পর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী হিসেবে। এবার মধুবালার মতো কিংবদন্তি তারকার চরিত্রে অভিনয়ের সুযোগ তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।