অভি মঈনুদ্দীন
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:৫৮ পিএম
জিয়াউল ফারুক অপূর্ব।
বাংলাদেশের নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুধু অভিনয় নয়, গানেও যে অনেকটাই অনবদ্য তারই প্রমাণ দিয়েছেন তিনি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত তার জীবনের প্রথম কনসার্টে। জীবনের প্রথম একক সংগীতানুষ্ঠান শেষে দেশে-বিদেশে অপূর্বকে নিয়ে হইচই পড়ে যায়। যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন স্টেট থেকে তাকে নিয়ে আরও একক কনসার্টের প্রস্তাব আসে।
কিন্তু অপূর্ব আপাতত তাতে সম্মতি না দিয়ে কয়েক দিন আগেই দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি যথারীতি তার পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে তিনি মাশরিকুল আলম, মাহমুদুর রহমান হিমির নাটকে অভিনয় করেছেন। আগামী কিছুদিনের মধ্যে তিনি সৈয়দ শাকিল, রুবেল হাসান, জাকারিয়া সৌখিন, মুরসালিন শুভ, এসআর মজুমদারের নাটকের কাজও করবেন।
অপূর্ব জানান, কিছুদিনের মধ্যে তিনি আটটি নাটকের কাজ সম্পন্ন করে আবার চলে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে পরবর্তীতে ফিরে এসে দীর্ঘদিন দেশে থাকবেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রথম কনসার্ট এবং দেশে ফিরে একের পর এক নাটকে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, যেহেতু এটা ছিল আমার জীবনের প্রথম কনসার্ট। তাই আমার ওপর অনেক চাপ ছিল। যেহেতু আমরা কোনো স্পন্সর নিইনি, সেজন্য চাপ এবং চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল। প্রথম দিকে একটু ভয়ে ছিলাম। পরবর্তীতে ঘোষণা দেওয়ার পর দেখলাম যে, একটু একটু করে আমার এই কনসার্ট দেখার জন্য সবার মধ্যে প্রবল আগ্রহের সৃষ্টি হয়। শুধু নিউইয়র্ক থেকেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আমার কনসার্ট উপভোগ করার জন্য দর্শক এসেছিল। যুক্তরাষ্ট্রে আমার অনেক সহশিল্পীও এই কনসার্টে যোগ দেন।
অপূর্ব আরও বলেন, সব মিলিয়ে আমার জীবনের প্রথম গানের অনুষ্ঠান অবিশ্বাস্য এক স্মরণীয় সন্ধ্যায় পরিণত হয়। গান গেয়েছি, ফাঁকে ফাঁকে কথা বলেছি, কখনও হেসেছি, কখনও কেঁদেছি, আবেগে ভেসেছিÑ আমি সবার ভালোবাসায় মুগ্ধ, অভিভূত। আমার প্রথম কনসার্টের রেশ কাটতে না কাটতেই দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে উঠেছি। যাদের নাটকে কাজ করছি বা করব, প্রত্যেকের নাটকেরই গল্প এককথায় অসাধারণ। বিশেষত সৈয়দ শাকিল ভাইয়ের নাটকের গল্পটা জীবন থেকে নেওয়া। আমার বিপরীতে সময়ের দর্শকপ্রিয় শিল্পীরাই কাজ করবেন। আমার ভক্ত দর্শকের কথা মাথায় রেখেই ভালো ভালো গল্পের নাটকে কাজ করছি। আশা করছি প্রতিটি নাটকই দর্শকের ভালো লাগবে।