শুভ জন্মদিন
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১২:৫৬ পিএম
বাংলা অভিনয়জগতে কিছু মুখ আছে, যাদের আলাদা করে চেনাতে নামের প্রয়োজন হয় না। সংলাপের ভঙ্গি, চোখের অভিব্যক্তি কিংবা কণ্ঠের স্বরÑ সবকিছুতেই তারা নিজের একটি স্বতন্ত্র ছাপ তৈরি করেন। ফজলুর রহমান বাবু তেমনই এক শিল্পী। কখনও হাস্যরসের চরিত্রে দর্শককে হাসিয়েছেন, আবার কখনও গম্ভীর ও জীবনঘনিষ্ঠ চরিত্রে অভিনয় করে ছুঁয়ে গেছেন দর্শকের হৃদয়। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রÑ তিন মাধ্যমেই দীর্ঘ পথচলায় নিজেকে প্রমাণ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানেও রয়েছে তার পরিচিতি। আজ তার জন্মদিন।
১৯৬০ সালের ২২ আগস্ট ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে জন্ম ফজলুর রহমান বাবুর। শৈশবের বড় একটি সময় কেটেছে সেখানেই। ১৯৭৮ সালে ফরিদপুরের ‘বৈশাখী নাট্য গোষ্ঠী’-এর মাধ্যমে অভিনয়জীবনের শুরু। পরে ঢাকায় এসে মামুনুর রশীদের ‘আরণ্যক নাট্যদল’-এ যুক্ত হন। মঞ্চে ‘নঙ্কার পালা’, ‘পাথার’ ও ‘ময়ূর সিংহাসন’-এর মতো নাটকে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দেন।
১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে যোগ দিলেও অভিনয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি। ১৯৯১ সালে ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন। এরপর ‘ইতিকথা’, ‘সুন্দরী’, ‘দানব’সহ নানা নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। হাস্যরসাত্মক চরিত্রে বিশেষ খ্যাতি পেলেও গম্ভীর চরিত্রেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।
চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’, ‘গহীন বালুচর’, ‘ফাগুন হাওয়ায়’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ও ‘নোনা জলের কাব্য’। ‘শঙ্খনাদ’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ও ‘ফাগুন হাওয়ায়’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন তিনি। ‘গহীন বালুচর’ ছবির জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি ‘মনপুরা’ চলচ্চিত্রের দুটি গান গেয়ে সংগীতশিল্পী হিসেবেও পরিচিতি পান বাবু। তার একক অ্যালবাম ‘ইন্দুবালা’ প্রকাশিত হয় ২০০৯ সালে। দীর্ঘ ক্যারিয়ারে নানা চরিত্রে নিজেকে ভেঙে-গড়ে দর্শকের সামনে হাজির হয়েছেন এই শিল্পী। অভিনয় ও গানের দুই ভুবনেই নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে ফজলুর রহমান বাবু আজও বাংলা সংস্কৃতি অঙ্গনের পরিচিত ও প্রিয় মুখ।