প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১১:০৬ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ২১:৪১ পিএম
সেলিম আল দীন। ফাইল ছবি
বাংলা নাট্যজগতের আকাশে কিছু মানুষ নক্ষত্রের মতো নন, বরং তারা নিজেরাই একেকটি আলোকিত দিগন্ত। তাদের সৃষ্টির ভেতর দিয়ে সময় কথা বলে, মাটি কথা বলে, মানুষের হাসি-কান্না আর ইতিহাস নতুন ভাষা পায়। সেলিম আল দীন ছিলেন তেমনই এক স্রষ্টা। বাংলা নাটককে শহুরে মঞ্চের গণ্ডি পেরিয়ে তিনি নিয়ে গিয়েছিলেন বাংলার লোকজ জীবন, ইতিহাস ও মানুষের গভীর অন্তর্লোকে। আজ তার জন্মবার্ষিকী। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্ম নেওয়া এই নাট্যাচার্য ২০০৮ সালের ১৪ জানুয়ারি চলে গেলেও তার সৃষ্টির ভুবন আজও জীবন্ত।
সেলিম আল দীন ছিলেন একাধারে নাট্যকার, গবেষক ও শিক্ষক। নাটকের প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে তিনি খুঁজে নিয়েছিলেন বাংলার নিজস্ব নাট্যভাষা। লোকজ ঐতিহ্য, পালাগান, আঞ্চলিক জীবন ও ইতিহাসের নানা উপাদান তার লেখায় পেয়েছে নতুন ব্যঞ্জনা। ‘কিত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘হরগজ’, ‘যৈবতী কন্যার মন’, ‘হাত হদাই’, ‘চাকা’, ‘জন্ডিস ও বিবিধ বেলুন’সহ তার নাটক বাংলা মঞ্চনাটকে তৈরি করেছে স্বতন্ত্র এক ধারা।
তিনি শুধু নাটক লিখেই থেমে থাকেননি; নাট্যতত্ত্ব ও গবেষণার ক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার রচনায় গদ্যের সঙ্গে কবিতার মেলবন্ধন, কথ্যভাষার শক্তি এবং লোকজ জীবনের অনুষঙ্গ নাটককে দিয়েছে আলাদা মাত্রা।
তার সৃষ্টিশীলতার স্বীকৃতি এসেছে নানা পুরস্কার ও সম্মাননায়। আজও দেশের মঞ্চে তার নাটক মঞ্চস্থ হয়, নতুন প্রজন্ম তার লেখা থেকে খুঁজে নেয় শিকড়ের গল্প।
জন্মবার্ষিকীতে তিন দিনব্যাপী আয়োজন
নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় নানা আয়োজন করেছে বিভিন্ন নাট্য সংগঠন। আলোচনা, শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ ও নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে স্মরণ করা হবে এই বরেণ্য নাট্যকারকে।
সেলিম আল দীন সংগ্রহশালার আয়োজনে গতকাল সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠান। এতে বক্তব্য দেন আজফার হোসেন। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত ‘ধাবমান’। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা শেষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এদিকে ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের তিন দিনব্যাপী আয়োজনে আজ মঞ্চস্থ হবে ‘নিমজ্জন’, ১৯ আগস্ট ‘জহরনামা’ এবং ২০ আগস্ট ‘একসঙ্গে চলি একসঙ্গে বাঁচি’। অন্যদিকে স্বপ্নদলের আয়োজনে ২০ আগস্ট ‘চিত্রাঙ্গদা’ এবং ২১ আগস্ট সেলিম আল দীনের ‘হরগজ’ নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।