প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১১:০২ এএম
মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী
‘বুক পকেটের গল্প’ নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকের নজর কাড়েন মীর রাব্বী ও প্রিয়ন্তী ঊর্বী। এরপর আরও কয়েকটি নাটকে জুটি হিসেবে দেখা গেছে তাদের। এবার ছোটপর্দার সেই পরিচিত জুটি হাজির হচ্ছেন বড়পর্দায়। শাহরিয়ার পলকের নির্মাণে ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমায় অভিনয় করেছেন তারা।
চলচ্চিত্রে জুটি হিসেবে এটি রাব্বী-ঊর্বীর দ্বিতীয় কাজ। এর আগে অভিজিৎ চক্রবর্তীর ‘জুন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। নতুন সিনেমায় প্রিয়ন্তী ঊর্বীকে দেখা যাবে বকুল চরিত্রে। অন্যদিকে মীর রাব্বী এবার হাজির হচ্ছেন খল চরিত্রে, যা তার আগের কাজগুলোর তুলনায় একেবারেই ভিন্ন।
অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় মীর রাব্বীর। এরপর বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’-তে অভিনয় করেন তিনি। ‘বকুলের বুকে রক্তকরবী’ তার তৃতীয় চলচ্চিত্র।
অন্যদিকে গানের ভিডিও ও বিজ্ঞাপনচিত্র নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া শাহরিয়ার পলকের স্বপ্ন ছিল চলচ্চিত্র নির্মাণ। সেই স্বপ্ন পূরণ করতেই নির্মাণ করেছেন ‘বকুলের বুকে রক্তকরবী’। প্রায় দুই বছর আগে নীরবে সিনেমাটির শুটিং শেষ করেছেন তিনি। ইতোমধ্যে পোস্ট-প্রডাকশনের কাজও শেষ। শিগগিরই সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি চলছে।
নিজের প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে পলক একটি গণমাধ্যমকে বলেন, গল্পটি তার একধরনের দায়িত্ববোধ থেকে নির্মাণ করা। তবে গল্প সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চান না তিনি। টিজার ও ট্রেলার প্রকাশের পর দর্শকই সিনেমাটির বিষয়বস্তু সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন বলে জানান নির্মাতা।