বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২২ ১৩:৫৪ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২২ ১৩:৫৫ পিএম
‘সংসার আনলিমিটেড’ নাটকের দৃশ্য ‘সংসার আনলিমিটেড’ নাটকের দৃশ্য ‘সংসার আনলমিটেড’ নাটকের দৃশ্য
কমেডি ঘরনার গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘সংসার আনলিমেটেড’। এটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। আজ রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে নাটকটি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, মৌসুমী হামিদ, সায়রা জাহান, মীর রাব্বী প্রমুখ।
গল্পে দেখা যায়, হাসিব এমন একজন মানুষ যে অফিসের কাজ ছাড়া বাকি সব কিছুকে সময় নষ্ট মনে করে। সংসার সামলানো তার কাছে আহামরি কোনো বিষয় না। এই হাসিবই একদিন গিয়ে পৌঁছায় তার কলিগের বাসায় একটি গুরুত্বপূর্ণ ফাইলের সন্ধানে। কিন্তু সেখানে সে খুঁজে পায় এমন একদল বিচ্ছু যারা তাকে শিখিয়ে দেয় সংসার সামলানো ঠিক কতটা কঠিন। এই শিক্ষাই পাল্টে দেয় হাসিবের চিন্তা-ধারণা।
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘সাধারণত আমরা যে ঘটনাগুলো প্রতিদিন দেখে অভ্যস্ত সেরকম একটা গল্পই সংসার আনলিমিটেড। আমাদের এই সাব-কনটিনেন্টে এমন গল্প খুব একটা বলা হয় না। আমরা চেষ্টা করেছি এই গল্পটা দর্শকদের জন্য সুন্দর করে তুলে ধরতে। এখন দর্শক কীভাবে নিবে সেটা দর্শকের বিষয়। আমাদের পুরো টিম গত কয়েকদিন ধরে নিজ নিজ জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করেছেন। আমাদের অনুরোধ থাকবে আপনারা কাজটা দেখুন।’
অভিনেতা ইরেশ যাকের বলেন, ‘এই গল্পের বিষয়টা খুব মজার ছিল। পুরুষতান্ত্রিক সমাজে এরকম গল্প আরও অনেক হয়েছে তবে মজা করে গল্প বলাটা খুব জরুরি। কো-আর্টিস্ট হিসেবে যারা ছিলেন মৌসুমি, রাব্বি, সায়রা তারা খুব কাছের মানুষ। তবে এই কাজ করতে দিয়ে আমি খুব মুগ্ধ হয়েছি আমার শিশু সহ-অভিনেতাদের দ্বারা।’
অভিনেত্রী সায়রা জাহান বলেন, ‘আমাদের প্রতিটি পরিবারের গল্প সংসার আনলিমিটেড। এই কাজটা করতে গিয়ে গৃহিনীদের প্রতি সম্মান আরও বেড়ে গেছে। আমার মনে হয় দর্শক দেখার পর তাদেরও এমন অনুভূতি হবে।’
প্রবা/সসা