জন্মদিন
অভি মঈনুদ্দীন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:৩৬ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৩:৩৮ পিএম
আজ উপমহাদেশের বরেণ্য অভিনেত্রী, বাংলাদেশের গর্ব ও জীবন্ত কিংবদন্তি শবনমের জন্মদিন। জন্মদিনের আগেরদিন অর্থাৎ গতকাল সন্ধ্যায় তাকে চমকে দিতে রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে তার বাসায় হাজির হন নন্দিত নায়িকা শাবনাজ ও জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

সাংবাদিক অভি মঈনুদ্দীনের পরিকল্পনায় শবনমকে সারপ্রাইজ দিতেই শাবনাজ ও আফসানা মিমির এই বিশেষ আয়োজন। শবনমের ঘরে প্রবেশ করেই তারা ফুল দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে তার হাতে তুলে দেন বিভিন্ন উপহার। হঠাৎ করে শাবনাজ ও মিমিকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন শবনম।
এরপর গল্পে গল্পে তারা ফিরে যান পুরোনো দিনের স্মৃতিতে। এর পেছনেও রয়েছে বিশেষ কারণ। ১৯৯২ সালে আজিজুর রহমান পরিচালিত ‘দিল’ সিনেমায় শবনমের সঙ্গে অভিনয়ের সুযোগ হয়েছিল শাবনাজ ও আফসানা মিমির। সেই সূত্রে ১৯৯২ সাল থেকেই তাদের মধ্যে চমৎকার একটি সম্পর্ক বিদ্যমান। ‘দিল’ সিনেমাটি ১৯৯২ সালের ২২ মে মুক্তি পেয়ে দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছিল।

স্মৃতিচারণের ফাঁকেই কাটা হয় শবনমের জন্মদিনের কেক। এরপর আয়োজনে উপস্থিত সংগীতশিল্পী রাশেদ ও তানজিন মিথিলা শবনমকে উৎসর্গ করে বেশ কয়েকটি গান পরিবেশন করেন। শুরুতেই রাশেদ গেয়ে শোনান মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নায় ঐ মুখ দেখবে যখন’। এরপর পরিবেশন করেন তার মৌলিক গান ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ এবং মোহাম্মদ রাফির বিখ্যাত গান ‘চাঁদনী কা চাঁদ হো’।
এরপর শবনম অভিনীত ‘হারানো দিন’ সিনেমার জনপ্রিয় গান ‘আমি রূপনগরের রাজকন্যা’ ও ‘লাগজা গালে’ গান দুটি পরিবেশন করেন তিনি। গানগুলোর সঙ্গে গিটারের সুরে মূর্ছনা ছড়ান দেশের প্রখ্যাত গিটারিস্ট সাকীল মোহাম্মদ দীপন। রাশেদ ও মিথিলার কণ্ঠের গান পুরো আয়োজনের আনন্দ আরও বাড়িয়ে দেয়। তাদের গানের ভূয়সী প্রশংসা করেন শবনম।
হঠাৎ এমন আয়োজন প্রসঙ্গে শবনম বলেন, ‘ঢাকায় স্থায়ীভাবে চলে আসি নব্বই দশকের শেষপ্রান্তে। এরপর থেকে আজ অবধি আমার জন্মদিনকে ঘিরে এভাবে কোনো উদযাপন হয়নি। শাবনাজ এবং মিমিকে দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি। তারা আমার জন্য সময় বের করে আমার জন্মদিনকে ঘিরে এই আয়োজনে এসেছে, এটাই আসলে আমার কাছে অনেক ভালো লাগার। সত্যি বলতে, অনেকদিন পর মন খুলে গল্প করেছি। ধন্যবাদ অভি মঈনুদ্দীনকে, নেপথ্যে থেকে এতকিছু করার জন্য।’
শাবনাজ বলেন, ‘শবনম আপা আমাদের সিনেমার গর্ব। তার সঙ্গে পারিবারিক সম্পর্ক। তার জন্য একটু আলাদা সময় বের করা আমার দায়িত্ব বলেই মনে করি। তার কাছ থেকে এক জীবনে অনেক কিছু শিখেছি। আমারও ভীষণ ভালো লেগেছে। আপা সুস্থ থাকুন।’
আফসানা মিমি বলেন, ‘শবনম আপার জন্মদিনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে জড়িয়ে ধরে “ওগো মা তুমি শুধু মা” গানটি দুই লাইন গাইতে পেরেছি, এটাই যেন আমার কাছে আসলে অনেক অনেক বেশি ভালো লাগার ছিল।’