প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:০১ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৩:০২ পিএম
সানিয়া সুলতানা লিজা। ছবি:সিথিল রহমান
বেশ কয়েক মাস বিরতির পর এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী
সানিয়া সুলতানা লিজার কণ্ঠে প্রকাশিত হলো নতুন মৌলিক গান ‘তুমি বিহন’। লিজার নিজের
ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানটি ১০ দিন আগে প্রকাশিত হয়েছে। যেহেতু লিজার নিজস্ব চ্যানেলে
গানটি প্রকাশিত হয়েছে,
তাই দেশের অন্যান্য পেশাদার ইউটিউব চ্যানেলের মতো ভিউ না
বাড়লেও এরই মধ্যে অনেক ভিউয়ার গানটি উপভোগ করেছেন। আর তাতেই ভীষণ খুশি লিজা।
নিজের চ্যানেলে একজন শিল্পী অনেক প্রত্যাশা নিয়েই মৌলিক গান
প্রকাশ করেন। নতুন নতুন গান প্রকাশের পর শ্রোতাদের ভালোবাসা ও সাড়া পাওয়াটাই সেই
প্রত্যাশা পূরণের বড় কারণ বলে মনে করেন লিজা। ‘তুমি বিহন’ গানটি লিখেছেন ও সুর করেছেন
জিসান খান শুভ। সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ
বিশ্বাস শংকর।
লিজা বলেন, ‘বেশ কয়েক মাস বিরতির পর আমার নতুন কোনো
মৌলিক গান প্রকাশ পেল। আমার গানের নিয়মিত যারা শ্রোতা, তারাও
চাইছিলেন যেন নতুন গান প্রকাশ করি। বলা যায়, সেই তাগিদ থেকেও এই গানটি
প্রকাশ করা। রোমান্টিক এই গানটির কথা ও সুর আমার কাছে আমার অন্যান্য গানের চেয়ে
একটু বেশি ভালো লাগার। গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। এমন অনেকেই আমাকে
ফোন করেছেন, যারা গানটি একবার শুনতে গিয়ে বহুবার শুনেছেন। ধন্যবাদ জানাই শ্রোতাদের।’
তিনি আরও বলেন, ‘সত্যি বলতে কী, একজন
শিল্পী হিসেবে আমি সব সময়ই চাই সুন্দর সুন্দর গান প্রকাশ করতে। কিন্তু সব সময় মনের
মতো গানের কথা পাই না। আর তাই গান প্রকাশ করতেও একটু সময় নিতে হয়।’
এদিকে লিজা জানান, আরও কয়েকটি নতুন গানের কাজ
চলছে। গানগুলোর অডিওর কাজ শেষ হলে দ্রুত মিউজিক ভিডিওর কাজ শেষ করে নিজের ইউটিউব
চ্যানেলেই প্রকাশ করবেন তিনি।