মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১২:৫৩ পিএম
শাকিব খান ও ইধিকা পাল
শাকিব খান ও ইধিকা পাল পর্দায়Ñ এই জুটির উপস্থিতি মানেই দর্শকের বাড়তি আগ্রহ। ‘প্রিয়তমা’ দিয়ে যে জুটি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল, পরবর্তী সময়ে ‘বরবাদ’-এও তাদের রসায়ন পেয়েছে প্রশংসা। দুই সিনেমার সাফল্যের পর এবার অপেক্ষা ছিল তৃতীয়বারের মতো তাদের একসঙ্গে দেখার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন সিনেমা ‘নিঃস্ব’-এ আবারও জুটি বাঁধছেন শাকিব খান ও ইধিকা পাল।
নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিব খানের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করেননি নির্মাতা। সংশ্লিষ্টদের ভাষ্য, সিনেমাটির পূর্ণাঙ্গ ঘোষণা আসবে একটি বিশেষ অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে। তবে দীর্ঘদিন ধরে ‘নিঃস্ব’-এর নায়িকা হিসেবে ইধিকার নামই সবচেয়ে বেশি আলোচনায় ছিল।
এর আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরের নামও সিনেমাটির সঙ্গে জড়িয়ে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শেষ পর্যন্ত নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী শাকিবের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে ‘নিঃস্ব’।
২০২৩ সালে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে ইধিকা পালের। প্রথম ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয় করে দুই বাংলার দর্শকের নজর কাড়েন তিনি। সিনেমাটির সাফল্যের পর এই জুটিকে ঘিরে দর্শকের আগ্রহও বাড়তে থাকে। এরপর ‘বরবাদ’-এ আবারও একসঙ্গে অভিনয় করেন তারা। দ্বিতীয় ছবিতেও তাদের পর্দার রসায়ন দর্শকের প্রশংসা পায়। ফলে ‘নিঃস্ব’ হতে যাচ্ছে এই জনপ্রিয় জুটির তৃতীয় সিনেমা।
এদিকে বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিজের কাজের পরিধি বাড়াচ্ছেন ইধিকা পাল। বর্তমানে তিনি সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এ অভিনয় করছেন। সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রের জন্য তাকে ক্রিকেট শেখার প্রশিক্ষণও নিতে হচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। চরিত্রের প্রয়োজনে তিনি কী কী শিখেছেনÑ তা দর্শক পর্দাতেই দেখতে পাবেন বলেও জানান তিনি।
সৃজিত মুখার্জির পরিচালনায় এটিই ইধিকার প্রথম কাজ। একই সঙ্গে সাসপেন্স-থ্রিলার ও পিরিয়ডিক্যাল ঘরানার সিনেমাতেও প্রথমবার অভিনয় করছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, থ্রিলার তার খুব পছন্দের ধারা। তার ওপর সৃজিত মুখার্জির মতো নির্মাতার সঙ্গে কাজের সুযোগÑ সব মিলিয়ে এটি তার জন্য বিশেষ অভিজ্ঞতা।
অন্যদিকে ‘নিঃস্ব’-এর মাধ্যমে আবারও শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ইধিকা। আগের দুই সিনেমার সাফল্যের পর নতুন এই জুটিকে ঘিরে দর্শকের প্রত্যাশাও স্বাভাবিকভাবেই অনেক বেশি। নতুন গল্প, নতুন নির্মাতা এবং জনপ্রিয় এই জুটির রসায়নÑ সব মিলিয়ে ‘নিঃস্ব’ এখন থেকেই আলোচনায়।