প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৬:৫২ পিএম
মডেল লিনা আক্তার ওরফে রিধিকা রিধি। ফাইল ছবি
ঢাকার ভাটারা এলাকায় মডেল লিনা আক্তার ওরফে রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম রবিবার এই আদেশ দেন।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভাটারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল ওয়াদুদ আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত আগামী ১৮ আগস্ট শুনানির দিন ধার্য করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, আসামি হাসিবুর রহমান মোবাইল ফোনে বিভিন্ন বিষয় নিয়ে লিনাকে দীর্ঘ দিন ধরে মানসিক যন্ত্রণা ও আত্মহত্যায় প্ররোচনা দিয়ে আসছিলেন। গত ১৫ আগস্ট ভোর ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় লিনা ভাটারা থানা এলাকার ভাড়া বাসায় ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুর রহমান লিনাকে মানসিক নির্যাতন ও ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লিনা আক্তার মিডিয়াতে কাজের সুবাদে ভাটারা থানা এলাকার আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। লিনার সঙ্গে হাসিবুর রহমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের অভিযোগ, সম্পর্কের শুরু থেকেই হাসিবুর লিনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
ঘটনার দিন রাতে লিনা তার দুই বান্ধবী ইশান ও জান্নাতের সঙ্গে বাসায় ছিলেন। রাত ১১টার দিকে লিনা ও হাসিবুরের মধ্যে ফোনে বাগবিতণ্ডা শুরু হলে লিনা তার বান্ধবীদের ড্রয়িং রুমে ঘুমাতে বলেন। পরবর্তী সময়ে ভোর সাড়ে ৫টার দিকে হাসিবুর লিনার ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। বান্ধবীরা দরজা খুললে হাসিবুর জানান, লিনা রাগের মাথায় গলায় ফাঁস দিয়েছেন। পরে ঘরের ভেতর সিলিং ফ্যানের সঙ্গে লিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় লিনার মা মনি বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন।
মডেলিংয়ের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও পরিচিত ছিলেন রিধিকা রিধি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।