প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৩:৪২ পিএম
আন্তর্জাতিক মুক্তির সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হলিউডের নতুন সায়েন্স ফিকশন ও সারভাইভাল থ্রিলার ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। গত পরশু থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে।
ডেভিড রবার্ট মিশেল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি। সায়েন্স ফিকশনের সঙ্গে সারভাইভাল থ্রিলারের মিশেলে নির্মিত সিনেমাটি দর্শকদের নিয়ে যাবে এক অদ্ভুত ও ভয়ংকর জগতে।
সিনেমার গল্প আশির দশকের একটি শান্ত শহরতলিকে ঘিরে। সেখানে হঠাৎ অস্বাভাবিক এক পরিস্থিতির মুখোমুখি হয় প্ল্যাট পরিবার। তাদের পরিচিত ওক স্ট্রিট যেন বিচ্ছিন্ন হয়ে পড়ে পৃথিবীর স্বাভাবিক বাস্তবতা থেকে। রাস্তার শেষ প্রান্তে তৈরি হয় বিশাল এক খাদ। সেই খাদের ওপারে রয়েছে প্রাগৈতিহাসিক এক অজানা জগৎ, যেখানে ডাইনোসরসহ নানা ভয়ংকর প্রাণীর অস্তিত্ব রয়েছে।
অচেনা ও বিপজ্জনক সেই জগতে আটকা পড়ে পরিবারটি। সন্তানদের নিরাপদ রাখা এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শুরু হয় তাদের কঠিন বেঁচে থাকার লড়াই। রহস্য, বিপদ ও টানটান উত্তেজনায় ভরা গল্পের সিনেমাটি হলিউডপ্রেমী দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে।