প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৪২ এএম
অংকন কুমার ও হাবিব ওয়াহিদ।ছবি: সংগৃহীত
সংগীতাঙ্গনে দুই প্রজন্মের দুই পরিচিত মুখ। একজনের সুর ও কণ্ঠে মুগ্ধ হয়েছে একাধিক প্রজন্মের শ্রোতা, অন্যজনের কণ্ঠে নতুন প্রজন্ম খুঁজে পেয়েছে আলাদা এক আবেগ। এবার সেই দুই প্রজন্মের মেলবন্ধন ঘটতে যাচ্ছে একসঙ্গে। প্রখ্যাত সুরকার ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ এবং বর্তমান প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী অংকন কুমারকে একসঙ্গে দেখা গেছে একটি স্টুডিওতে।
তাদের এই উপস্থিতি ঘিরে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। নতুন কোনো গানের কাজেই কি এক হয়েছেন তারাÑ এমন প্রশ্ন এখন ভক্তদের মনে।
সম্প্রতি হাবিব ওয়াহিদ ও অংকন কুমারের একসঙ্গে স্টুডিওতে কাজ করার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দুজনকে সংগীত নিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যায়। এরপর থেকেই তাদের সম্ভাব্য নতুন সংগীত আয়োজন নিয়ে শুরু হয়েছে আলোচনা। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন প্রকল্পের বিস্তারিত জানানো হয়নি, তবে তাদের একসঙ্গে কাজ করার বিষয়টি সংগীতপ্রেমীদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
হাবিব ওয়াহিদ দেশের সংগীতাঙ্গনে দীর্ঘদিন ধরে নিজের স্বতন্ত্র সুর ও সংগীতায়োজনের জন্য পরিচিত। আধুনিক বাংলা গানে তার নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শ্রোতাদের কাছে পেয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। অন্যদিকে অংকন কুমার তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ। ‘লং ডিসট্যান্স লাভ’ গানটির মাধ্যমে শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি পেয়েছেন তিনি। নিজের কণ্ঠের স্বাতন্ত্র্য ও গায়কির মাধ্যমে ইতোমধ্যে তৈরি করেছেন আলাদা শ্রোতাগোষ্ঠী।
দুই প্রজন্মের দুই শিল্পীর এই সম্ভাব্য মেলবন্ধন তাই স্বাভাবিকভাবেই তৈরি করেছে বাড়তি আগ্রহ। হাবিবের অভিজ্ঞতা আর অংকনের তারুণ্যের আবহ একসঙ্গে মিলে কেমন গান উপহার দেয়, সেটিই এখন দেখার অপেক্ষা। নতুন এই সমন্বয় যদি সত্যিই পূর্ণাঙ্গ কোনো সংগীত প্রকল্পে রূপ নেয়, তবে তা হতে পারে শ্রোতাদের জন্য বছরের অন্যতম আকর্ষণীয় আয়োজন।