প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১০:৩৫ এএম
রানী মুখার্জি
বলিউডে অভিনয়ের পাশাপাশি ভিন্নধর্মী উদ্যোগেও মাঝেমধ্যে দর্শককে চমকে দেন রানী মুখার্জি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন এই অভিনেত্রী। তবে এবার পর্দার বাইরে তার কণ্ঠেই চমকে উঠলেন মুম্বাইয়ের ব্যস্ত রেলস্টেশনের যাত্রীরা। আচমকাই স্টেশনের পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ভেসে এলো রানীর পরিচিত ও দৃঢ় কণ্ঠস্বর। মুহূর্তেই সাধারণ যাত্রাপথের পরিবেশ বদলে যায়, তৈরি হয় কৌতূহল।
মুম্বাইয়ের ব্যস্ত একটি রেলওয়ে স্টেশনে সম্প্রতি এমনই ব্যতিক্রমী আয়োজনের দেখা মেলে। লাউডস্পিকারে রানী মুখার্জির কণ্ঠ শুনে অনেক যাত্রীই থমকে দাঁড়ান। তবে সেটি কোনো সাধারণ ঘোষণা ছিল না। ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের চরিত্রে কণ্ঠ দিয়ে বিশেষ বার্তা দেন অভিনেত্রী।
শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি রানী প্রচার করেন ‘মারদানি ৩’-এর টেলিভিশন প্রিমিয়ারের খবর। সোনি ম্যাক্স চ্যানেলে সিনেমাটির সম্প্রচার উপলক্ষে এই বিশেষ প্রচারণার আয়োজন করা হয়।
রানীর কণ্ঠে এমন আকস্মিক ঘোষণা স্বাভাবিকভাবেই নজর কাড়ে স্টেশনের যাত্রীদের। পর্দার শিবানি শিবাজি রায়ের দৃঢ় কণ্ঠস্বর যখন বাস্তবের ব্যস্ত স্টেশনে শোনা যায়, তখন অনেকের কাছেই বিষয়টি হয়ে ওঠে চমকপ্রদ অভিজ্ঞতা।
স্টেশনে ধারণ করা এই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়। প্রিয় অভিনেত্রীকে এমন অভিনব উপায়ে সচেতনতার বার্তা দিতে দেখে প্রশংসা করেছেন ভক্তরা। বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ তাই দর্শকের কাছে আলাদা মাত্রা পেয়েছে। সাধারণ যাত্রার ব্যস্ততার মাঝেও রানীর এই আচমকা উপস্থিতি যাত্রীদের জন্য হয়ে রইল স্মরণীয় এক মুহূর্ত।