প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৫:১৩ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:৪০ পিএম
তানজিন তিশা
অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হন তিনি। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালত প্রাঙ্গণে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিশা তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন। তার ১৫ বছরের ক্যারিয়ারে ২৭ হাজার টাকার একটি শাড়ি নিয়ে এমন আইনি জটিলতা তৈরি হওয়ায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন। তিশার দাবি, মামলার বাদীকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না এবং আলোচিত শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী তিনি শাড়িটি পরে সামাজিক মাধ্যমে স্টোরিও দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট পেজকে ট্যাগ করেছিলেন। ব্যস্ততার কারণে পরবর্তীতে আরও প্রচারণা করা না গেলেও তার পক্ষ থেকে কোনো প্রতারণা করা হয়নি বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, অভিনেত্রীর আইনজীবী মো. নিহার হোসেন ফারুক জানান, প্রচারণার সমস্ত তথ্য ও নথি আদালতে উপস্থাপন করার পরই আদালত জামিন মঞ্জুর করেছেন। তিশাকে সামাজিকভাবে হেনস্তা করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তার আইনজীবী। প্রয়োজনে সম্মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
তবে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার ভিন্ন দাবি করে জানান, আসামি নারী হওয়ায় এবং বাদীপক্ষের সঙ্গে আপসের শর্তে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছেন। বাদী আমিনুল ইসলামও আদালতের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন।
উল্লেখ্য, অনলাইন শপ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৭ হাজার টাকার একটি শাড়ি নিয়ে দাম পরিশোধ না করা এবং প্রচারণা বন্ধ করে দেওয়ার অভিযোগে তিশার বিরুদ্ধে এই মামলা করা হয়। ডিবি পুলিশের তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর সমন জারি করা হলে অভিনেত্রী নিজেই আদালতে হাজির হয়ে জামিন নেন।