মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৫:০১ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:০২ পিএম
ছবি: কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে
একসময় সিনেমা হল মানেই ছিল আনন্দের এক আলাদা জগৎ। সারা দিনের কাজের পর পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে যাওয়া, টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো, প্রিয় নায়ক-নায়িকার ছবি আঁকা পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তোলাÑ সবকিছু মিলিয়ে সিনেমা হল ছিল মানুষের বিনোদনের অন্যতম প্রধান ঠিকানা। ঈদ কিংবা কোনো উৎসব এলে সিনেমা হল ঘিরে তৈরি হতো বাড়তি উন্মাদনা। কিন্তু সময় বদলেছে, বদলে গেছে মানুষের বিনোদনের ধরনও। সেই পরিবর্তনের ঢেউয়ে হারিয়ে গেছে দেশের অনেক ঐতিহ্যবাহী সিনেমা হল। আর কোনো কোনো হলের জায়গায় দাঁড়িয়ে আছে মার্কেট, বাণিজ্যিক ভবন কিংবা অন্য স্থাপনা।
পূর্ণিমা সিনেমা হল
কারওয়ান বাজারের ৩৪, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পূর্ণিমা সিনেমা হল ছিল ঢাকার পরিচিত প্রেক্ষাগৃহগুলোর একটি। ১৯৮৮ সালে শাবানা, আলমগীর ও জসিম অভিনীত ‘বিশ্বাসঘাতক’ সিনেমা দিয়ে হলটির যাত্রা শুরু হয়। প্রায় ২৯ বছর দর্শককে সিনেমা দেখানোর পর ২০১৭ সালের ৩১ মার্চ শেষ শো চালিয়ে বন্ধ হয়ে যায় পূর্ণিমা সিনেমা হল। কর্তৃপক্ষ জানিয়েছিল, সেখানে আর সিনেমা হল রাখা হবে না; ১৮ তলা দুটি বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। হল বন্ধের পেছনে দর্শক কমে যাওয়া এবং আয় দিয়ে কর্মীদের বেতন ও অন্যান্য খরচ চালাতে না পারার বিষয়টিও উঠে এসেছিল।
অভিসার সিনেমা হল
‘আরে টিকাটুলির মোড়ে একটা অভিসার সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে’Ñ গানের কল্যাণেও একসময় নতুন প্রজন্মের কাছে নামটি পরিচিত হয়ে উঠেছিল। টিকাটুলির এই হলটি ১৯৬৮/৬৯ সালে যাত্রা শুরু করে এবং দীর্ঘ সময় ঢাকার অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ হিসেবে পরিচিত ছিল। একসময় এর আসনসংখ্যা ছিল প্রায় ১ হাজার ২৪০। তবে দীর্ঘদিনের লোকসান, দর্শক সংকট ও মানসম্মত ছবির অভাবে শেষ পর্যন্ত হলটি বন্ধ হয়ে যায়। ২০২০ সালে কর্তৃপক্ষ অভিসার ভেঙে কমিউনিটি সেন্টার ও ছোট পরিসরের সিনেমা হল করার পরিকল্পনার কথা জানিয়েছিল।
রাজমণি সিনেমা হল
কাকরাইলের রাজমণি ছিল ঢাকার বড় ও জনপ্রিয় সিনেমা হলগুলোর একটি। ৩৬ বছর ধরে দর্শককে বিনোদন দেওয়ার পর ২০১৯ সালের ১২ অক্টোবর বন্ধ হয়ে যায় হলটি। চলচ্চিত্র ব্যবসার দীর্ঘস্থায়ী মন্দার কারণে কর্তৃপক্ষ আর হলটি চালিয়ে যেতে পারেনি। বন্ধের পর প্রজেক্টর ও সার্ভার খুলে নেওয়া হয় এবং পুরনো স্থাপনাটি ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
রূপমহল
সদরঘাটের রূপমহল শুধু একটি সিনেমা হল ছিল না, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সঙ্গেও জড়িয়ে থাকা একটি নাম। ১৯২৪ সালে ‘সিনেমা প্যালেস’ নামে যাত্রা করা প্রেক্ষাগৃহটি পরবর্তী সময়ে মালিকানা পরিবর্তনের মধ্য দিয়ে ‘মতিমহল’ এবং পরে ‘রূপমহল’ নামে পরিচিত হয়। ঐতিহাসিক এই হলেই ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পেয়েছিল বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। কিন্তু সময়ের সঙ্গে রূপমহলের পর্দাও নিভে যায়।
শাবিস্তান
আরমানিটোলার শাবিস্তান বাংলাদেশের পুরনো সিনেমা হলগুলোর মধ্যে অন্যতম ঐতিহাসিক নাম। এর আগের নাম ছিল ‘পিকচার হাউস’। প্রথম মহাযুদ্ধের সময় একটি পাটের গুদামকে সিনেমা প্রদর্শনের উপযোগী করে এই হলের যাত্রা শুরু হয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ আছে। পরে সংস্কারের মাধ্যমে এটি শাবিস্তান নামে পরিচিত হয়। একুশ শতকের শুরুতেই হলটি বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে আর সিনেমা প্রদর্শনের সেই পরিবেশ নেই; বিভিন্ন প্রতিবেদনে জায়গাটিকে গোডাউন হিসেবে ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।