প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৭:০৯ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৫:৪১ পিএম
তানজিন তিশা। ছবি: সংগৃহীত
শাড়ি নিয়ে ‘প্রতারণা ও বিশ্বাসভঙ্গের’ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি নিয়ে আদালত জামিনের আদেশ দেন।
তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক এ তথ্যটি নিশ্চিত করেন।
এর আগে, গত ১২ জুলাই তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। সেই নির্দেশ মোতাবেক আজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিশা।
তার পক্ষে নিহার হোসেন ফারুক জামিন চেয়ে শুনানি করেন। বাদী পক্ষের আইনজীবী জহিরুল ইসলাম মুকুল জামিনের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত।
অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে যোগাযোগ বিচ্ছিন্ন করেন তানজিন তিশা।
এ ঘটনায় অনলাইন ফ্যাশন পেজের এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে গত বছরের ৫ নভেম্বর আদালতে মামলাটি দায়ের করেন।
আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দিতে বলেন। সম্প্রতি ডিবি পুলিশ তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন গ্রহণ করে তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন দেন আদালত।
মামলায় অভিযোগে বলা হয়, তানজিন তিশা বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। তিনি দীর্ঘদিন ধরে মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এর সুবাদে আসামি অ্যাপোনিয়ার অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করে নেন। যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা। শাড়িটি তানজিন তিশার বাসায় পৌঁছে দেওয়া হয়। এরপর থেকে তানজিন তিশা নানা ধরনের ভয়েস ম্যাসেজ এবং ম্যাসেজ দিয়ে শাড়িটি পরিধান করে অ্যাপোনিয়া পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন।
মামলায় আরও বলা হয়, তানজিন তিশাকে পেজ কর্তৃপক্ষ বিভিন্নভাবে শাড়িটি পরিধান করে পেজ প্রমোশনের জন্য নানা উপায়ে অনুরোধ করেন। তিনি গত ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করেন। তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও শাড়িটি পরিধান না করে, পেজ প্রমোশন না করে পেজ কর্তৃপক্ষের সঙ্গে গত ৬ মাসের অধিক সময় কোনো যোগাযোগ রক্ষা করেননি এবং ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের কথোপকথন থেকে বিরত রয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়।