প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৫:৪৫ পিএম
তারেক মাসুদ (৬ ডিসেম্বর ১৯৫৬- ১৩ আগস্ট ২০১১)
বাংলাদেশের চলচ্চিত্রে কিছু মানুষ আছেন, যারা কেবল সিনেমা নির্মাণ করেননি, বরং চলচ্চিত্রকে দেখেছেন সমাজ, ইতিহাস ও মানুষের গল্প বলার শক্তিশালী মাধ্যম হিসেবে। তারেক মাসুদ ছিলেন তেমনই একজন নির্মাতা। স্বাধীন ধারার এই চলচ্চিত্রকারের সৃষ্টিশীলতা, নির্মাণশৈলী ও দেশজ ভাবনা তাকে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হলেও তার সৃষ্টিকর্ম আজও দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মাঝে তাকে বাঁচিয়ে রেখেছে।
১৯৮২ সালের শেষ দিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শেষ করে চলচ্চিত্র নির্মাণে যুক্ত হন তারেক মাসুদ। ১৯৮৯ সালে মুক্তি পায় তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘আদম সুরত’, যেখানে উঠে আসে শিল্পী এসএম সুলতানের জীবন ও দর্শন। এরপর ‘মুক্তির গান’সহ বেশকিছু প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য ও অ্যানিমেশন নির্মাণ করেন তিনি।
২০০২ সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’। নিজের শৈশবের মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা থেকে নির্মিত ছবিটি কান চলচ্চিত্র উৎসবের ডিরেক্টরস ফোর্টনাইটে প্রদর্শিত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রকে নতুন পরিচিতি দেয়। ছবিটি অস্কারের জন্য বাংলাদেশের প্রথম বাংলা ভাষার চলচ্চিত্র হিসেবে নিবেদন করা হয়। পরবর্তীতে ‘অন্তর্যাত্রা’ ও ‘রানওয়ে’ নির্মাণ করেও নিজের স্বতন্ত্র নির্মাণভঙ্গির পরিচয় দেন তিনি। চলচ্চিত্রে অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার।
২০১১ সালের ১৩ আগস্ট ‘কাগজের ফুল’-এর লোকেশন দেখে ফেরার পথে মানিকগঞ্জের ঘিওরে সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ কয়েকজন প্রাণ হারান। অসমাপ্ত থেকে যায় ‘কাগজের ফুল’। আজ তারেক মাসুদ নেই কিন্তু তার নির্মিত চলচ্চিত্র, ভাবনা ও দর্শন এখনও কথা বলে। সময় পেরিয়ে তার কাজই হয়ে আছে তাকে স্মরণ করার সবচেয়ে শক্তিশালী ভাষা।