প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১০:২৬ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১০:৪৫ এএম
ইয়াসমিন লাবণ্য। ছবি:আলিফ রিফাত।
বহুগুণে গুণান্বিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসমিন লাবণ্য। একাধারে তিনি সংগীতশিল্পী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা। ব্যক্তিত্ব, বিনয় ও পেশাগত দক্ষতা দিয়ে দীর্ঘদিন ধরে তিনি মুগ্ধ করে চলেছেন দর্শক-শ্রোতাদের। যে ক্ষেত্রেই কাজ করেছেন, সেখানেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী।
গত ১০ আগস্ট রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে সোহাগ ড্যান্স ট্রুপ আয়োজিত ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’। অনুষ্ঠানে গত দুই দশক ধরে নৃত্যে বিশেষ অবদানের জন্য এবং এই আয়োজনের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করায় ইয়াসমিন লাবণ্যকে ‘নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’-এর বিশেষ সম্মাননা দেওয়া হয়।
-6a7bf6112c1be.jpeg)
জীবনের এই পর্যায়ে এসে এমন সম্মাননা প্রাপ্তিকে বড় অর্জন হিসেবে দেখছেন ইয়াসমিন লাবণ্য। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘সোহাগ ভাইয়ের সঙ্গে পরিচয় সেই শাপলা কুঁড়ি থেকে। পরে ২০০৭ থেকে আজ পর্যন্ত অনেক দিনের পথচলা। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তার গ্রুপের হয়ে প্রধান নৃত্যশিল্পী হিসেবে অনেক অনুষ্ঠানে অংশ নেওয়াÑ সবই আমার জন্য স্মরণীয়। এবার এই আয়োজনের বিচারক হিসেবে থাকা এবং সম্মাননা পাওয়া সত্যিই ভালো লাগার বিষয়। যেকোনো সম্মাননাই অনেক অনুপ্রেরণা জোগায়।’
তিনি আরও বলেন, ‘এবারের আয়োজন দেখে নিজের ছোটবেলার কথা, প্রতিযোগিতায় অংশ নেওয়া ও পুরস্কার পাওয়ার অনেক গল্প মনে পড়ছিল। আমার এই পুরস্কারপ্রাপ্তির নেপথ্যে থাকা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় ইয়াসমিন লাবণ্য সৃজনশীল নৃত্যের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাছরাঙা টেলিভিশনে নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি সংগীতেও সরব এই শিল্পী। মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন জয়ন্ত কর্মকার এবং সুর ও সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। এতে তার সহশিল্পী ছিলেন প্রান্ত।
চলতি বছর বিটিভি ও বাংলাদেশ বেতারে নতুন গান করেছেন লাবণ্য। বাংলাদেশ বেতারে তার উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হচ্ছে সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’।