মাহমুদা বিশ্বাস
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১০:১৯ এএম
একসময় বাংলাদেশের কোনো গান ইউটিউবে এক কোটি ভিউ অতিক্রম করলেই সেটিকে বড় সাফল্য হিসেবে দেখা হতো। শিল্পী থেকে শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠানÑ সবার কাছেই এক কোটি ভিউ ছিল উদযাপনের মতো একটি মাইলফলক। কিন্তু ডিজিটাল যুগে সেই হিসাব এখন অনেকটাই বদলে গেছে। বর্তমানে ১০ কোটি বা ১০০ মিলিয়ন ভিউও আর অসম্ভব কোনো সংখ্যা নয়। বরং বাংলাদেশের একাধিক গান ইতোমধ্যে ২০, ৩০ এমনকি ৪০ কোটির বেশি ভিউ পেয়ে প্রমাণ করেছে দেশের গানের শ্রোতা এখন শুধু দেশেই সীমাবদ্ধ নেই; ইউটিউব ও সামাজিক মাধ্যমের হাত ধরে বাংলা গান পৌঁছে যাচ্ছে বিশাল এক দর্শকগোষ্ঠীর কাছে।
শুধু মোট ভিউয়ের সংখ্যাই নয়, একটি গান কত দ্রুত সেই মাইলফলকে পৌঁছাচ্ছে, সেটিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরনো কিছু গান বছরের পর বছর ধরে শ্রোতাদের ভালোবাসায় ভিউ বাড়িয়েছে। বিপরীতে সাম্প্রতিক সময়ের কিছু গান মাত্র দুই-তিন বছরেই কয়েক দশক কোটি ভিউয়ের ঘরে পৌঁছে গেছে। ফলে ইউটিউবের ভিউ এখন বাংলাদেশের গানের জনপ্রিয়তা ও বাজারের পরিবর্তন বোঝার অন্যতম বড় সূচক।
যে গানে বদলে গেল হিসাব
বাংলাদেশি গানের ইউটিউব সাফল্যের গল্পে ‘অপরাধী’ একটি আলাদা অধ্যায়। আরমান আলিফের এই গান প্রকাশের আগে তিনি বড় কোনো তারকা ছিলেন না। এর আগে তার মাত্র দুটি গান প্রকাশিত হয়েছিল, যেগুলোও তেমন আলোচনায় আসেনি। কিন্তু ‘অপরাধী’ প্রকাশের পর যেন বদলে যায় সব হিসাব। গানটির কথা, সুর ও কণ্ঠ দ্রুত শ্রোতাদের আকৃষ্ট করে। একপর্যায়ে গানটি দেশের অন্যতম জনপ্রিয় ইউটিউব গানে পরিণত হয়।
তবে সাম্প্রতিক সময়ে গানের জনপ্রিয়তার সমীকরণে যুক্ত হয়েছে আরও কয়েকটি শক্তিশালী উপাদানÑ সিনেমা, তারকা এবং সামাজিক মাধ্যম। এর বড় উদাহরণ ‘লাগে উরা ধুরা’ ও ‘দুষ্টু কোকিল’।
‘তুফান’ সিনেমার সঙ্গে যুক্ত ‘লাগে উরা ধুরা’ গানটিতে শাকিব খান ও মিমি চক্রবর্তীর উপস্থিতি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেয়। মুক্তির পর গানটি শুধু সিনেমার অংশ হিসেবে নয়, আলাদা একটি জনপ্রিয় কনটেন্ট হিসেবেও জায়গা করে নেয়।
‘লাগে উরা ধুরা’ মাত্র দুই মাসে চরকির ইউটিউব চ্যানেলে ১০ কোটি ভিউ অতিক্রম করেছিল। গানটি ইউটিউবের বৈশ্বিক ট্রেন্ডিংয়েও জায়গা করে নেয়। সামাজিক মাধ্যমে গানটি ব্যবহার করে বিপুলসংখ্যক রিল তৈরি হওয়ায় এর জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে। ২০২৬ সালের ইউটিউব চার্টেও গানটির উপস্থিতি প্রমাণ করে, মুক্তির দুই বছর পরও এর আবেদন কমেনি।
পুরনো বনাম নতুন
ইউটিউবের ভিউয়ের হিসাব পুরনো ও নতুন গানের জনপ্রিয়তার ধরনেও পার্থক্য দেখায়। ২০১৫ সালের ‘সরি দীপান্বিতা’ এখন প্রায় ২৩ কোটি ৩৭ লাখ ভিউ পেয়েছে। ২০১৮ সালের ‘অপরাধী’ রয়েছে ৪৫ কোটি ৬৫ লাখের ঘরে। ‘তোর মনের পিঞ্জিরায়’ পেয়েছে ৩১ কোটি ২৪ লাখের বেশি ভিউ।
অন্যদিকে ২০২৪ সালের ‘দুষ্টু কোকিল’ মাত্র দুই বছরের কিছু বেশি সময়েই প্রায় ৪৪ কোটি ৭২ লাখ ভিউ পেয়েছে। একই সময়ের মধ্যে ‘লাগে উরা ধুরা’ পেয়েছে ৩৭ কোটি ২৮ লাখের বেশি ভিউ। অর্থাৎ পুরনো গানগুলো যেখানে দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখার গল্প বলছে, নতুন গানগুলো সেখানে তৈরি করছে দ্রুততম ডিজিটাল সাফল্যের নজির।
ভিউয়ের চেয়েও গুরুত্বপূর্ণ গতি
একটি গান ৩০ বা ৪০ কোটি ভিউ পেয়েছেÑ এই সংখ্যা গুরুত্বপূর্ণ হলেও পুরো গল্প বলে না। গানটি কত সময়ে সেই জায়গায় পৌঁছেছে, সেটিও বিবেচনায় নেওয়া জরুরি।
১০ আগস্ট ২০২৬ পর্যন্ত আনুমানিক হিসাবে, ‘অপরাধী’ প্রায় ৮ দশমিক ৩ বছরে পেয়েছে ৪৫ দশমিক ৬৫ কোটি ভিউ। বিপরীতে ‘দুষ্টু কোকিল’ প্রায় ২ দশমিক ১ বছরেই পেয়েছে ৪৪ দশমিক ৭২ কোটি ভিউ। অর্থাৎ নতুন গানটির ভিউ অর্জনের গতি অনেক বেশি।
একইভাবে ‘লাগে উরা ধুরা’ প্রায় ২ দশমিক ২ বছরে পেয়েছে ৩৭ দশমিক ২৮ কোটি ভিউ। ‘টিডিং টিডিং পম পম’ প্রায় ৩ দশমিক ৯ বছরে ৩১ দশমিক ৬৬ কোটি এবং ‘তোর মনের পিঞ্জিরায়’ প্রায় ৭ দশমিক ৭ বছরে পেয়েছে ৩১ দশমিক ২৪ কোটি ভিউ।
শীর্ষ দশে যারা
বর্তমান হিসাবে ইউটিউব ভিউয়ের শীর্ষে রয়েছে আরমান আলিফের ‘অপরাধী’ ৪৫ কোটি ৬৫ লাখ। এরপর কনা ও আকাশ সেনের ‘দুষ্টু কোকিল’ ৪৪ কোটি ৭২ লাখ। বাউল সুকুমারের ‘বলবোনা গো আর কোনোদিন’ পেয়েছে ৩৮ কোটি ৪০ লাখ ভিউ।
তালিকায় আরও রয়েছে ‘লাগে উরা ধুরা’ ৩৭ কোটি ২৮ লাখ, ‘টিডিং টিডিং পম পম’ ৩১ কোটি ৬৬ লাখ, ‘তোর মনের পিঞ্জিরায়’ ৩১ কোটি ২৪ লাখ, আরমান আলিফের ‘নেশা’ ২৯ কোটি ১৪ লাখ, মমতাজ ও পলাশের ‘খায়রুন লো’ ২৮ কোটি ২২ লাখ, ‘বধূ বেশে কন্যা যখন’ ২৪ কোটি ৭২ লাখ এবং ‘সরি দীপান্বিতা’ ২৩ কোটি ৩৭ লাখ।