প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ২২:৩২ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ২২:৩৫ পিএম
খায়রুল বাসার। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
থাইল্যান্ডে একটি নাটকের শুটিং করতে গিয়ে স্কুটার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আঘাত পেয়েছেন।
থাইল্যান্ডের কোলান দ্বীপে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দ্বীপটির একটি পাহাড়ে দৃশ্যধারণের কাজ শেষে নিচে নেমে আসছিল শুটিং ইউনিট। সেসময় একটি স্কুটার চালাচ্ছিলেন চিত্রগ্রাহক রনি এবং তার পেছনে বসেছিলেন খায়রুল বাসার। পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামার সময় হঠাৎ স্কুটারটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে আশপাশে থাকা শুটিং ইউনিটের অন্য সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তাদের পাতায়া শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে একটি গণমাধ্যমকে খায়রুল বাসার বলেন, “আমরা নাটকের শুটিং করতে থাইল্যান্ড এসেছিলাম। কাজ ঠিকমতোই চলছিল। এর মধ্যে আমাদের একটি দৃশ্যের শুটিং ছিল কোলান দ্বীপে। একপর্যায়ে আমরা পাহাড়ের ওপরে শুটিং করি। শুটিং ঠিকমতোই হয়েছে। কিন্তু নামতে গিয়ে হঠাৎ করে আমাদের স্কুটার নিয়ন্ত্রণ হারায়। সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাই”।
দুর্ঘটনায় বুকে ও হাঁটুতে মারাত্মক আঘাত পেয়েছেন এই অভিনেতা। এর ফলে তার হাঁটাচলা করতেও বেশ কষ্ট হচ্ছে। নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, “দুর্ঘটনায় আমার বুকে ব্যথা পেয়েছি, হাঁটুতেও আঘাত লেগেছে। হাঁটতেই কষ্ট হচ্ছে। এখন আমরা পাতায়ায় এসেছি। এখানে হাসপাতালে চিকিৎসা নেব”।
আকস্মিক এই দুর্ঘটনার কারণে নাটকের শুটিং বাতিল করতে বাধ্য হয়েছে পুরো দল। খায়রুল বাসার বলেন, “আমার যে শারীরিক অবস্থা তাতে শুটিং করা সম্ভব নয়”।
এদিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপডেট জানিয়েছেন অভিনেতা।
এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সুস্থ আছি। ইনশাআল্লাহ দ্রুতই সেরে উঠবো। খুব বড় রকমের কোন দুর্ঘটনা ঘটেনি, শুকরিয়”।
যারা খোঁজ নিয়েছেন সকলকের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।