চিত্রনায়িকা শাবনূর
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া কিছু বক্তব্য নিয়ে তৈরি হয়েছে আলোচনা। যুক্তরাজ্যপ্রবাসী রিজভী আহমেদ নামের এক ব্যক্তির নানা দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে প্রতিবাদ জানিয়েছেন শাবনূর। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক পোস্টে রিজভীর বক্তব্যের অসংগতিগুলো তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রিজভীর সঙ্গে তার কখনও দেখা বা কোনো ধরনের যোগাযোগ হয়নি জানিয়ে শাবনূর লিখেছেন, বিভিন্ন সময়ে ওই ব্যক্তি তার সঙ্গে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের বিষয়ে পরস্পরবিরোধী দাবি করেছেন। কোথাও তাকে সাবেক প্রেমিকা, আবার কোথাও ২০১৬ সালে বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের কথা বলা হয়েছে। শাবনূরের প্রশ্ন, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি যুক্তরাজ্যেই যাননি, তাহলে সেই বিয়ে কোথায় বা কীভাবে হলো?
বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু স্বপ্নের বাসর-ই হয়েছিল!’ এ মন্তব্যের সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন তিনি।
রিজভীর বিরুদ্ধে শাবনূরের আরও অভিযোগ, তিনি তাকে সালমান শাহকে ব্ল্যাকমেইল করার মতো গুরুতর অভিযোগে জড়িয়েছেন। তবে এসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে শাবনূর বলেন, সালমান শাহ ছিলেন তার প্রিয় সহশিল্পী ও বড় ভাইয়ের মতো। তার সঙ্গে এমন কোনো আচরণের প্রশ্নই ওঠে না।
পোস্টে রিজভীর আরও কিছু অদ্ভুত দাবির প্রসঙ্গ তুলে শাবনূর সেগুলোর বিশ্বাসযোগ্যতা ভক্তদের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছেন। একই সঙ্গে কারও প্ররোচনা বা অন্য কোনো উদ্দেশ্যে এসব বক্তব্য ছড়ানো হতে পারে বলেও ধারণা করেছেন তিনি।
সবশেষে শাবনূর জানিয়েছেন, তিনি চান বিষয়গুলো নিয়ে সত্য উদ্ঘাটিত হোক এবং কোনো নির্দোষ মানুষ যেন মিথ্যা অভিযোগের শিকার না হন। প্রিয় সহশিল্পী সালমান শাহর প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, তার অকালমৃত্যু আজও তাকে ব্যথিত করে।