× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মৃতিঘন আড্ডায় ইলিয়াস কাঞ্চন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:৩০ পিএম

ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। মাত্র কয়েক দিনের এই দেশে ফেরার সময়টুকু যেন প্রিয় মানুষদের সঙ্গে দেখা আর স্মৃতিচারণায় ভরে উঠেছে তার। তবে সেই আনন্দঘন সময় শেষ করে আগামীকাল ১২ আগস্ট সকালে আবারও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই অভিনেতা।

গত ৩ আগস্ট দেশে ফেরার পর গুলশানের বাসায় একে একে তাকে দেখতে গেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকেই। শনিবার রাতে ইলিয়াস কাঞ্চনের বাসায় বসেছিল তেমনই এক আবেগঘন আড্ডা। তাকে দেখতে হাজির হয়েছিলেন বরেণ্য অভিনেত্রী সুচন্দা, চম্পা, পরিচালক গাজী মাহবুবসহ আরও অনেকে। দীর্ঘদিনের সহকর্মীদের দেখে ঘুম থেকে উঠে ইলিয়াস কাঞ্চনের মুখেও ফুটে ওঠে হাসি। কিছুক্ষণের মধ্যেই অসুস্থতার ক্লান্তি ভুলে জমে ওঠে পুরনো দিনের গল্প ও আড্ডা।

একপর্যায়ে সুচন্দা ও চম্পার অনুরোধে গানও শোনান ইলিয়াস কাঞ্চন। গেয়ে ওঠেন তার অভিনীত ‘অচেনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’। তার সঙ্গে গানে কণ্ঠ মেলান সুচন্দা ও চম্পা। হাসি, গান আর স্মৃতিচারণায় কয়েক ঘণ্টার জন্য যেন ফিরে আসে চলচ্চিত্রের সেই পুরনো দিনগুলো।

চম্পা তাকে জমজমের পানি পান করানোর পাশাপাশি কয়েকটি পাঞ্জাবিও উপহার দেন। অনুরোধ করেন, লন্ডনে ফিরে যেন সেগুলো সঙ্গে নিয়ে যান।

ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, লন্ডনে ফিরে পূর্ব লন্ডনের বার্কিংয়ে মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে বাবার চিকিৎসা চলবে। এরপর মাউন্ট ভার্নন হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআইসহ পরবর্তী চিকিৎসা শুরু হবে।

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘আমার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত চিকিৎসার কাজ শেষে দেশে ফিরতে পারি। আমার দেশে থাকতেই ভালো লাগে।’ তার ছেলে জয়েরও একটাই চাওয়া, আব্বুর মুখের হাসিটা যেন সবসময় থাকে।

 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা