অভি মঈনুদ্দীন
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৫:১৪ পিএম
ফররুখ আহমেদ রেহান
মডেলিংয়ের মঞ্চ থেকে অভিনয়ের আলোয় পা রেখেছেন ফররুখ আহমেদ রেহান। মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর নাটক ও ইউটিউব ফিল্মে অভিনয়ের মধ্য দিয়ে ধীরে ধীরে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এই অভিনেতা। অল্প সময়ের অভিনয় যাত্রাতেই নানা ধরনের চরিত্রে কাজ করে দর্শকের নজর কেড়েছেন তিনি। এবার সেই পরিচিতির পরিধি আরও বড় হতে যাচ্ছে। প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে রেহানকে। হরর গল্পের সিনেমা ‘আন্ধার’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে তার।
সুমন, শাকিব ও আদনানের গল্পে নির্মিত ‘আন্ধার’-এ রেহানকে দেখা যাবে হিমেল চরিত্রে। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন নাজিফা তুষি, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েতসহ আরও বেশ কয়েকজন গুণী শিল্পী। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে প্রথম সিনেমাতেই কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রেহান। সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
‘আন্ধার’ নিয়ে রেহান বলেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন আমি হরর গল্প কতটা ভালোবাসি। কিন্তু আমার ভাগ্যে যে এত বড় একটা হরর ছবিতে কাজ করার সুযোগ চলে আসবে, সেটা কখনও কল্পনাও করিনি। অভিনয়ে সবে পথচলা শুরু করেছি। রাফি ভাইয়ের সাথে আমার প্রথম ফিল্মেই কাজের সুযোগ আসবে এটা ভাবিনি। গল্পটা শোনার পর আমি শুধু একটা কথা বলেছিলামÑ রাফি ভাই, শাকিব ভাই, আদনান ভাই, আমি নিজেকে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা বলবেন, আমি করব। তারা আমাকে নিয়ে যা চেষ্টা করেছেন, তাতে আমি তাদের কাছে সব সময়ের জন্য কৃতজ্ঞ থাকব, আন্ধার নিয়ে তাদের চিন্তাভাবনা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আন্ধার ছবিতে দর্শক আমাকে দেখবেন হিমেল চরিত্রে। এই সিনেমার মাধ্যমে আমার বড় পর্দায় অভিষেক হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনার পাশের প্রেক্ষাগৃহে।
রেহানকে ‘হিমেল’ চরিত্রে বেছে নেওয়ার পেছনে পরিচালকের ভাবনাও ছিল আলাদা। সামাজিক মাধ্যমে এক পোস্টে রায়হান রাফী লিখেছেন, হিমেল চরিত্রের জন্য একজন ফ্রেশ ফেস খুঁজে পেতে তাদের অনেক কষ্ট হয়েছে। এমন একজনকে প্রয়োজন ছিল, যার সম্পর্কে দর্শকের কল্পনায় খুব একটা ধারণা নেই এবং বড় পর্দায় যার সঙ্গে দর্শকের প্রথম পরিচয় হতে পারে। তবে নতুন মুখের ক্ষেত্রে অভিজ্ঞতার ঘাটতি থাকায় চরিত্রের বিভিন্ন আবেগ ঠিকভাবে তুলে ধরতে পারবে কি না, সেই ঝুঁকিও ছিল।
রাফীর ভাষায়, সেই ঝুঁকি তারা নিয়েছেন এবং তার ধারণা, ‘রিস্ক নিয়ে জিতেছেন।’ তিনি আরও জানান, ফররুখ আহমেদ রেহান একজন ফ্যাশন মডেল এবং একজন অভিনেতা। ‘আন্ধার’-এর পর থেকে হয়তো বেশিরভাগ মানুষ তাকে অভিনেতা হিসেবেই চিনবে।
রেহানের অভিনয় যাত্রা অবশ্য খুব বেশি দিনের নয়। এরই মধ্যে বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। গেল ঈদে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ অভিনয় করে দর্শকের মনোযোগ কাড়েন রেহান। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের জায়গা তৈরির চেষ্টায় থাকা এই তরুণের সামনে এবার বড় পরীক্ষা বড় পর্দা।
‘আন্ধার’-এর গল্পকার সাকিব চৌধুরীও রেহানকে নিয়ে আশাবাদী। তার ভাষ্য, হিমেল চরিত্রের জন্য এমন একজন নতুন প্রতিভার প্রয়োজন ছিল, যাকে ফ্রেশভাবে দর্শকদের সামনে উপস্থাপন করা যায়। রায়হান রাফী অনেক খুঁজে রেহানকে বের করেছেন। সিনেমাটি মুক্তির পর অনেকেই তাকে খুঁজবে বলেও বিশ্বাস তার।
সবকিছু ঠিক থাকলে চলতি বছর ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটি। আর মুক্তির আগে শিগগিরই প্রকাশ পাবে এর অফিসিয়াল ট্রেলার। ট্রেলার প্রকাশের মধ্য দিয়েই শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। সিনেমাটির মধ্য দিয়ে রেহানের বড় পর্দার অভিষেক কতটা আলো ছড়ায়, এখন সেটিই দেখার অপেক্ষা।