× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৬:১০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৬:২৮ পিএম

খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হক। ছবি: ভিডিও থেকে

খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হক। ছবি: ভিডিও থেকে

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা হাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তারপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে সিআইডি।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে রবিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হবে।

এদিন গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে সিআইডির পরিদর্শক আরিফুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। খবর পেয়ে সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে একটি মামলা চলমান। তারা তদন্ত করছে।

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেব প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। এর আগে সিআইডির পক্ষ থেকে তাকে আটকের জন্য ইমিগ্রেশন পুলিশকে তথ্য দেওয়া হয়েছিল”।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, “খল অভিনেতা ডন হককে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে”।

মামলায় আসামি ১১

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলে আসছে। সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- এমন অভিযোগ তার পরিবারও দীর্ঘদিন ধরে করে আসছে।


দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

মামলাটির তদন্তের অংশ হিসেবে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুরু থেকেই ‘হত্যার’ অভিযোগ পরিবারের

নব্বইয়ের দশকের শুরুতে ঢালিউডে অভিষেক ঘটে সালমান শাহর। অল্প সময়ের চলচ্চিত্রজীবনেই তিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু ঢালিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে বরাবরই দাবি করে এসেছে তার পরিবার। অভিনেতার মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, সালমান শাহর মৃত্যুর ঘটনায় তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে।

তবে পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে ঘটনাটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় রূপ নেবে।

সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত, আদালত ও বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। তার পরিবার ও ভক্তদের পক্ষ থেকেও মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে।

মাত্র চার বছরের ক্যারিয়ার

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রাখেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র।

অল্প সময়ের মধ্যেই ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেন সালমান শাহ। তার অভিনয়, পোশাক ও পর্দায় উপস্থিতি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। মৃত্যুর কয়েক দশক পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

সালমান শাহর মৃত্যুর এত বছর পর মামলাটি নতুন করে আলোচনায় এসেছে। আর সেই মামলায় আসামি হিসেবে খল অভিনেতা ডন হককে ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার পথে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটকের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে চিত্রনায়কের মৃত্যুরহস্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা