প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৪:২০ পিএম
সাদিকা পারভীন পপি। ছবি: মোহসীন আহমেদ কাওছার।
বাংলাদেশের চলচ্চিত্রের গ্ল্যামারাস ও জনপ্রিয় নায়িকাদের তালিকায় সাদিকা পারভীন পপির নামটি বরাবরই আলাদা করে উচ্চারিত হয়। অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ার, সৌন্দর্য আর জনপ্রিয়তা দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের হৃদয়ে। যদিও বিগত বেশ কয়েক বছর ধরে সিনেমায় দেখা যাচ্ছে না তাঁকে, তবু দেশে-বিদেশে এখনো রয়েছে তাঁর অসংখ্য ভক্ত। তিন দশকের অভিনয়জীবন পেরিয়েও বাংলাদেশের সিনেমার গ্ল্যামারাস নায়িকা হিসেবে পপির অবস্থান এখনো শীর্ষ সারিতে।
১৯৯৫ সালে ‘লাক্স আনন্দবিচিত্রা ফটো সুন্দরী’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে খুলনার মেয়ে পপির মিডিয়ায় পথচলা শুরু। এরপর প্রয়াত শহীদুল হক খানের পরিচালনায় প্যাকেজ নাটক ‘নায়ক’-এ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে প্রথম অভিনয় করেন তিনি। এরপর প্রয়াত বরেণ্য পরিচালক সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেস্ত’ সিনেমায় শাকিল খানের বিপরীতে কাজ শুরু করেন পপি।
তবে এই সিনেমার আগেই মুক্তি পায় মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’। ১৯৯৭ সালের ১৬ মে মুক্তি পাওয়া সিনেমাটিই পপির মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা হিসেবে পরিচিত। একই বছর ২০ জুন শওকত জামিলের ‘দরদী সন্তান’ সিনেমায় ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর তৃতীয় সিনেমা হিসেবে ১৯৯৭ সালের ৩ নভেম্বর মুক্তি পায় ‘আমার ঘর আমার বেহেস্ত’।
১৯৯৮ সালে মুক্তি পায় মোস্তাফিজুর রহমান বাবুর ‘এই মন তোমাকে দিলাম’, মোতালেব হোসেনের ‘ভালোবাসার ঘর’ সহ আরও বেশ কয়েকটি সিনেমা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পপিকে। একের পর এক ব্যবসাসফল ও উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘চারিদিকে শত্রু’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘কে আমার বাবা’, ‘লাল বাদশা’, ‘দুজন দুজনার’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘খ্যাপা বাসু’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘রানী কুঠির বাকী ইতিহাস’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘কারাগার’, ‘গঙ্গাযাত্রা’ ও ‘বস্তির রানী সুরিয়া’।
অভিনয়ের স্বীকৃতিও এসেছে বারবার। কালাম কায়সারের ‘কারাগার’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পপি। পরে ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অভিনয়ের জন্যও একই পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়া বাচসাস, বাবিসাস, ট্র্যাব অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সংগঠনের পুরস্কারেও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন এই অভিনেত্রী।
ব্যক্তিজীবনে কয়েক বছর আগে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী আদনানকে বিয়ে করেন পপি। তাঁদের একমাত্র সন্তান পুত্র আয়াত। আপাতত ঘর-সংসার নিয়েই সুখী জীবনযাপন করছেন তিনি।
নিজের দীর্ঘ চলচ্চিত্রজীবন প্রসঙ্গে পপি বলেন, ‘দীর্ঘদিনের চলচ্চিত্র জীবনে আমি এই দেশের কোটি কোটি সিনেমাপ্রেমী দর্শকের ভালোবাসা পেয়েছি। চলচ্চিত্রে কাজ করতে গিয়ে সিনিয়র শিল্পীদের স্নেহ-ভালোবাসায় ধন্য হয়েছি। এছাড়াও পুরো চলচ্চিত্র পরিবারের ভালোবাসা তো ছিলই। আমি আজকের পপি, যা কিছু তার সবটুকুই আসলে চলচ্চিত্র থেকে পাওয়া, দর্শকের ভালোবাসা থেকে পাওয়া। যে কারণে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি আমার অগাধ শ্রদ্ধা-ভালোবাসা সবসময়ই থাকবে।’